পাকিস্তানের টি-২০ দলে আকমল-শেহজাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৫:১১
পাকিস্তানের নতুন কোচ এবং প্রধান নির্বাচক হয়ে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খুব একটা চমক দেননি মিসবাহ উল হক। ইনজুরির কারণে ক'জন দলে ছিলেন না। বাদ পড়েছিলেন কেবল মোহাম্মদ হাফিজ। তবে টি-২০ দলে বেশ ভালোই চমক দিলেন মিসবাহ। উইকেটরক্ষক উমর আকমল এবং ওপেনার আহমেদ শেহজাদকে আবার টি-২০ দলে ডেকেছেন তিনি। বাদ পড়েছেন ইমাম উল হক।
বুধবার মিসবাহ উল হক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন। ওই দলে আছেন ফাহিম আশরাফও। তাদের তিনজনকে দলে জায়গা করে দিতে ইমাম উল ছাড়াও বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং আবিদ আলী। ইমাম উল অবশ্য ফর্মের কারণে বাদ পড়েননি। ইনজুরিতে আছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
আহমেদ শেহজাদ গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন। পরে ওই সিরিজ থেকে বাদও পড়ে যান তিনি। তবে সর্বশেষ পিএসএলে ৫১ গড়ে তিনি ৩১১ রান করেছেন। সেটাই তাকে দলে জায়গা এনে দিয়েছে। তবে উমর আকমাল ২০১৬ সালের পর পাকিস্তানের হয়ে টি-২০ ম্যাচ খেলেননি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়ে যান তিনি।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আযম (সহ-অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসিফ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উমর আকমল, উসমান সেনওয়ারি, ওয়াহাব রিয়াজ।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- পাকিস্তান
- টি-২০
- শেহজাদ-আকমল
