সাদদের স্লেজিং করেছিলেন সুনীল ছেত্রি
ছবি: দ্য এশিয়ান এজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৩:২৫
সংবাদ সম্মেলনে ভীষণ বিনয়ী সুনীল ছেত্রি। প্রতিপক্ষকে সম্মান দিয়ে কথা বলেন; কিন্তু মাঠের সুনীল ছেত্রির চেহারাটা অন্যরকম। সেটা তার বিপক্ষে না খেললে হয়তো জানতেন না মোহাম্মদ সাদ উদ্দিনরা। মঙ্গলবার যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে পিছিয়ে পড়ার পরই স্লেজিং শুরু করেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার ছেত্রি। গোলদাতা সাদ উদ্দিনের মনোযোগ নষ্ট করার জন্য বারবার অশ্রাব্য ভাষায় গালাগাল করেছিলেন তিনি।
শুধু কি সাদকেই, বিপলু, মোহাম্মদ ইব্রাহিম, রবিউলদেরও স্লেজিং করেছিলেন সুনীল। গতকাল হোটেলে বসে ছেত্রির আসল রূপটা প্রকাশ করেন ফুটবলাররা, 'সুনীল ছেত্রিকে আমরা আসলে বড়মাপের খেলোয়াড়ের পাশাপাশি বড় মনের মানুষও মনে করেছিলাম। তার খেলা দেখে অনেকেই মুগ্ধ হয়। কিন্তু মাঠের বাইরের সুনীল ছেত্রি আর মাঠের সুনীল ছেত্রি এক নন। মাঠে তার আচরণ খুবই রুষ্ট। সাদ গোল করার পর তাকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেছেন। বাজে ভাষায় বকা দিয়েছেন। আমার সঙ্গেও খারাপ আচরণ করেছেন। হয়তো গোল হজম করার পর মেজাজ হারিয়েছিলেন তিনি'- বলেন বিপলু।
এই ম্যাচের আগের দুটিতেই বাংলাদেশকে হতাশায় পুড়িয়েছিলেন ছেত্রি। শেষ মুহূর্তে তার গোলেই জয়বঞ্চিত হয়েছিল লাল-সবুজের দলটি। সেই ছেত্রিকে এদিন বোতলবন্দি করে রেখেছিলেন ইয়াসিন-রায়হানরা। মেজাজ হারিয়ে গালাগাল করেছিলেন। সাদকে উদ্দেশ করে বেশি করেছিলেন। এ প্রসঙ্গে সাদের উত্তর, 'আমি গোল করার পর খুব বাজে ভাষায় স্লেজিং করেছেন। শুরু থেকেই এটা করে আসছিলেন, যাতে আমরা মন খারাপ করি এবং খারাপ খেলি; কিন্তু আমি এগুলোতে কর্ণপাত করিনি। অবশ্য দু-একবার আমিও তার বকার জবাব দিয়েছি।
