ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাথুরুকে স্বাগত জানাবেন সুজন

হাথুরুকে স্বাগত জানাবেন সুজন
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ০৫:৪৭

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে খালেদ মাহমুদ সুজনের সম্পৃক্ত থাকার কথা। সরাসরি সম্পৃক্ত না হলেও কোচ কে হয়েছেন, তা ভালো তো জানবেনই। জেনেও নাম প্রকাশ করতে পারছেন না সুজন। 

চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে পাকা কথা হয়ে গেলেও চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিসিবি পরিচালকরাও কোচের নাম প্রকাশ করবেন না। তবে হাথুরুসিংহেকে সাকিব-তামিমদের কোচ করা হলে ভালো হবে বলে মনে করেন সুজন। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের অনুশীলনে তিনি জানান, হাথুরুসিংহের ফিরতি অভিযানও ভালো হবে।

রাসেল ডমিঙ্গো জাতীয় দলের প্রধান কোচ থাকাকালেই সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে কথা বলেছেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। ডমিঙ্গোর পদত্যাগের পর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়েছে বোর্ড। চুক্তির প্রাথমিক কার্যক্রম শেষ করে ফেলেছেন তাঁরা। সেদিক থেকে বলাই যায়, পুরোনো কোচের নতুন করে বাংলাদেশের কাজে যোগ দেওয়া বাকি। এ ব্যাপারে সুজনের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, 'হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত নই। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে; বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস, ও এখন আরও পরিণত; আমাদের জন্য ভালো হবে। ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বোঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে।'

প্রধান কোচের আগে ডেভিড মুরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রধান হিসেবে। তিনিও নিউ সাউথ ওয়েলস একাডেমিতে কাজ করেছেন হাথুরুসিংহের সঙ্গে। এই পদে ভালো কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করেন সুজন, 'ডেভিড মুর এসেছে, এটা ভালো; কাজে লাগবে বলে বিশ্বাস করি। তাঁর কাজ হলো প্রোগ্রাম ডেভেলপ করা। আমরা ভালো করছি, ওনার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে সাহায্য করবে। ভালো মুভ এটা, আমাদের জন্য ভালো।' 

মুর ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করবেন। আর হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে হোমে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ দিয়ে। দেশের মাটিতে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ দল ভালো খেলবে বলে বিশ্বাস সুজনের, 'দেশের মাঠে আমরা সব সময় টাইগার্স। সত্যি বলতে, এই বিশ্বাসটা আছে যে আমরা ওয়ানডেতে খুব শক্তিশালী দল। টি২০-তে হয়তো আমরা এখন গড়ে উঠছি। তবে ওয়ানডেতে আমরা বিশ্বাস করি, আমরা অনেক ভালো ক্রিকেট খেলব।' 

ইংলিশদের বিপক্ষে সুপার লিগের সিরিজ জিতে গেলে বিশ্বকাপ সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুন

×