ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিমদের শ্রদ্ধা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৪৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৪৬

চির প্রেরণার অমর একুশে আজ। মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো আজ। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের আন্দোলনে প্রাণ দিয়েছিলেন রফিক, শকিফ, সালাম, বরকত, জব্বার। ইউনেস্কো মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় বিশ্বজুড়েই।

ভাষা শহীদদের স্মরণে দেশজুড়ে চলছে দিনব্যাপী নানা আয়োজন। সম্মান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ যাচ্ছেন না ক্রীড়াঙ্গনের মানুষরাও। মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটাররা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, 'যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।'

বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।'

তামিম লিখেছেন, 'মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, 'যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, '১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'

ওপেনার এবং বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস লিখেছেন, 'দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'

পেস সেনশেসন তাসকিন আহমেদ একুশকে অহংকার হিসেবে উল্লেখ করেছেন, 'আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোনও সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।'

সৌম্য সরকার লিখেছেন, 'ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দেও না। ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

মুমিনুল হক তার ফেসবুকে লিখেছেন, 'মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য। সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।'

নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, 'বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ...সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।'

নারী ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, 'সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।বাংলা ভাষা আমার অহংকার।সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।'

আরও পড়ুন

×