ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাকিবের কম বোলিংয়ের কারণ জানেন না ডোনাল্ড

সাকিবের কম বোলিংয়ের কারণ জানেন না ডোনাল্ড
×

বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১৫:১৫

ঢাকা টেস্টের প্রথমদিন অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ে এসেছিলেন ৬৬তম ওভারে। শেষ দিকে মাত্র তিন ওভার হাত ঘুরিয়েছেন। যদিও শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। দ্বিতীয় দিন এসেছিলেন একেবারে প্রথম ওভারেই। সফলও হয়েছিলেন। দুই মেডেনসহ ১১ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। কিন্তু তৃতীয় দিনে সাকিব করেননি যথেষ্ট বোলিং। ৯০ ওভারের মধ্যে সাকিব হাত ঘুরালেন কেবল ৬ ওভার। 

সাকিবের এমন নিষ্প্রভ দিন স্বপ্নময় কেটেছে আয়ারল্যান্ডের। পুরো দিনে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান যোগ করেছে তারা। লরকান টাকারের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে ১৩১ রানে।

তবে সাকিব কেনো বোলিং থেকে এমন দূরে আছেন, সেই সম্পর্কে কোন ধারণা করতে পারছেন না পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সংবাদ সম্মেলনে ডোনাল্ড আসতেই এই প্রশ্ন শুনতে হল তাকে। ডোনাল্ড বলছিলেন, 'আমার এটা স্বীকার করতে হবে, কোনো ধারণা নেই।'

ডোনাল্ডের কাছে জানতে চাওয়া হয়, সাকিব ফিট আছেন তো? জবাবে বাংলাদেশের পেস বোলিং কোচ বলেছেন, 'তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি।'

গতকাল নতুন বলে সাকিবের বাঁহাতি স্পিন বেশ কার্যকরী মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছিল, আজও নতুন বল এলে এক প্রান্ত থেকে বোলিং করবেন তিনি। কিন্তু সাকিব নতুন বলে মাত্র দুই ওভার বোলিং করেছেন। ডোনাল্ডের কাছেও নেই এর কোনো ব্যাখ্যা, 'আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, আমি মনে করেছিলাম এটি বড় ফ্যাক্টর হবে। সত্যি বলতে এটি (নতুন বল) গতকালের মতো অত স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। আপনি এই উইকেটে থিতু হয়ে গেলে রান করতে পারবেন। আমি এই প্রশ্নটা (বেশি বোলিং না করা) সাকিবকেই করার জন্য রেখে গেলাম (হাসি)।'

ডোনাল্ড মানছেন, সাকিব আরও বেশি বোলিং করলে বাংলাদেশ দলের কাজটা সহজ হতো। প্রোটিয়া এই কিংবদন্তি জানান, '(সাকিব বোলিং করলে আরও ভালো হতো কি না?) হ্যাঁ অবশ্যই! সে যেটা দারুণভাবে করে, এক প্রান্ত পুরো আটকে ফেলে। তার বল খেলা কঠিন। কারণ সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে খুব স্মার্টলি গতির তারতম্য করে। যদিও সারা দিন তেমন টার্ন করেনি, তবে আমার মনে হয়েছে, সে হয়তো এক প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারত।'

আরও পড়ুন

×