আইরিশদের সম্মান জানালেন ডোনাল্ড
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৫:৫৫ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ১৫:৫৫
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে আলোচনা ছিল, আয়ারল্যান্ড ইনিংস পরাজয় এড়াতে পারবে কি না। সেই দল এখন উল্টো জয়ের কথা ভাবছে। তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৯০ ওভারে যোগ করেছে আরও ২৫৯ রান। ৮ উইকেটে ২৮৬ রান করে ১৩১ রানের লিড নিয়ে ফেলেছে তারা। ৭১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অ্যান্ডি ম্যাকব্রেনি, গ্রাহাম হিউম অপরাজিত ৯ রানে।
আইরিশদের এমন প্রতিরোধে মুগ্ধ বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তাদের প্রাপ্য সম্মান জানানো উচিৎ বলে মনে করেন তিনি। ডোনাল্ড জানালেন, ধৈর্যের ফল পেয়েছে আইরিশরা। টাকার যেমন ব্যাটিং করেছেন, সেটা মতে ভিন গ্রহের কিছু।
তিনি বলেছেন, 'সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে আজ- আয়ারল্যান্ড যে স্থিতিশিলতা দেখিয়েছে, আমরা জানতাম আজকে মাঠে এসে কাজটা সহজ হবে না। আয়ারল্যান্ড যা করতে পারে, এর প্রতি আমরা কোনো অসম্মান দেখাইনি। আমার মনে হয় টেক্টর ও শুরুর দিকে তার সঙ্গী মুর খুব ভালো খেলেছে। টাকার আউট অব দিস ওয়ার্ল্ড (ভিন গ্রহের কেউ হিসেবে) ব্যাটিং করেছে। আমি সত্যিই মনে করি এটা ছিল দুর্দান্ত ইনিংস।'
আয়ারল্যান্ডের ব্যাটারদের প্রশংসায় ভাসিয়ে ডোনাল্ড আরও বলেন, 'তারা আজ আমাদের ধৈর্য্য ও প্রতিরোধ দেখিয়েছে। আইরিশ দলের এখানে এসে প্রথম টেস্ট খেলা, এত দিন বিরতির পরে- তাদেরকে সম্মান জানানো উচিত। তাদের সম্মান জানাতে হবে আজ যা তারা করেছে। তারা খুবই ভালো ছিল। দারুণ লড়াই করেছে।'