হারের পর বায়েনাকে ঘুষি মারেন ভালভার্দে!
ম্যাচে রিয়ালের ভালভার্দেকে ট্যাকল করেন ভিয়ারিয়ালের বায়েনা। ছবি: গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১১:৩৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১৫:৪০
লা লিগার ম্যাচে শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রিয়ার মাদ্রিদ। ওই হারের পর লস ব্লাঙ্কোস মিডফিল্ডার ফেদে ভালভার্দে ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনাকে ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে।
ম্যাচ শেষে সান্তিয়াগো বার্নাব্যুর গাড়ি পার্কিংয়ের স্থানে প্রতিপক্ষের ফুটবলারের প্রতি ওই আচরণ করেন উরুগুয়ের রিয়াল মিডফিল্ডার ভালভার্দে। কিন্তু কেন ওমনটা করলেন তিনি?
ঘটনা নাকি তিন মাস আগের। দাবি করা হয়েছে যে, জানুয়ারির কোপা দেল রে’র ম্যাচে বায়েনার সঙ্গে ভালভার্দের তর্ক লেগেছিল। তখন রিয়াল মিডফিল্ডারকে জন্ম পরিচয় তুলে গালি দিয়েছিলেন বায়েনা।
শনিবারের ম্যাচেও নাকি একই রকম আচরণ করে যাচ্ছিলেন ভিয়ারিয়ালের বায়েনা। উত্যক্ত করছিলেন ভালভার্দেকে। ম্যাচে তাকে বেশ ক’বার ফাউলও করেছেন ভিয়ারিয়াল ফুটবলার।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ভালভার্দে। তিনি তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। কথা মতোই কাজ করেছেন রিয়াল ফুটবলার। গাড়ি পার্কিংয়ের স্থানে পেয়ে বায়েনাকে ঘুষি মেরেছেন তিনি।
বিষয়টি ইনস্টাগ্রামে জানিয়ে ভিয়ারিয়ালের বায়েনা লিখেছেন, ‘তার আচরণে বিস্মিত হয়েছি। তার চেয়ে অবাক লেগেছে, আমার ব্যক্তিত্ব নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা নিয়ে। আমার বিষয়ে যা বলা হয়েছে তা পুরোপুরি মিথ্যা।’
