নোমান-নাসিমে লঙ্কানদের মাঠে পাকিস্তানের ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৫:২৪
টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার সংক্ষিপ্ত তালিকায় আজ নাম ওঠানোর সম্ভাবনা তৈরি করেছিলেন পাকিস্তানের নোমান আলী। এক এক করে ৭ উইকেট তুলে ফেলেছিলেন নোমান। তবে লঙ্কানদের বিপক্ষে নোমানকে ১০ উইকেট পাইতে দেননি আরেক পেসার নাসিম শাহ। দুর্দান্ত রিভার্স সুইংয়ে শেষ বিকেলে ৬ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিলে দ্রুতই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
এতে শ্রীলঙ্কার ঘরের মাঠে ইনিংস ও ২২২ রানে জিতল পাকিস্তান। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক লঙ্কানদের ১৮৮ রানে গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে সফরকারী দল। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে তারা।
লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ইনিংস ও ১৭৫ রানে। দুই দলের দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে এ নিয়ে দশমবার সিরিজ জিতল পাকিস্তান। আর শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে সিরিজ জিতল ২৯ বছর পর, সর্বশেষটি ছিল ১৯৯৪ সালে।
এই জয়ে দুই টেস্টে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে সবার উপরে উঠলো পাকিস্তান।
- বিষয় :
- শ্রীলঙ্কা-পাকিস্তান
- নোমান আলি
- নাসিম শাহ
