আল নাসরে যোগ দিলেন সাদিও মানে
বায়ার্ন ছেড়ে আল নাসরে যোগ দিলেন সাদিও মানে। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১০:৩৭ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১০:৩৭
বায়ার্ন মিউনিখ থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন সাদিও মানে। সেনেগাল স্ট্রাইকারের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ক্লাবটি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এখন জুটি গড়ে খেলবেন সাবেক লিভারপুল তারকা।
সাদিও মানেকে কিনতে আল নাসরের ৩৪ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে। ৩১ বছর বয়সী তারকার সঙ্গে চার বছরের চুক্তি করেছে সৌদি ক্লাব আল নাসর। এছাড়া তাকে মোটা অঙ্কের বেতন দেবে প্রো লিগের ক্লাবটি।
সাদিও মানেকে প্রতি সপ্তাহে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড বেতন দিতে চেয়েছে আল নাসর। যার মানে প্রতি মৌসুমে ৩৪ মিলিয়ন ইউরো বেতন পাবেন এই সেনেগালিচ স্ট্রাইকার।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন সাদিও মানে। ক্লাবের অনিচ্ছায় জোর করেই অ্যানফিল্ড ছাড়েন তিনি। তাকে মাত্র ৩০ মিলিয়ন পাউন্ডে দলে নেয় বায়ার্ন। কিন্তু সেরাটা মিউনিখে দিতে পারেননি এই নাম্বার টেন। বিশ্বকাপের আগে বড় ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন মৌসুমের অর্ধেক সময়।
