‘বায়ার্ন অকৃতজ্ঞ’, ক্ষেপেছেন মানের এজেন্ট
মানেকে বায়ার্ন মিউনিখ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৩:০৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৩:০৭
লিভারপুলে দাপটের সঙ্গে খেলছিলেন সাদিও মানে। ক্লাবের অনিচ্ছ্বায় বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। কিন্তু জার্মান জায়ান্টদের জার্সিতে সময়টা ভালো যায়নি তার। ইনজুরি যেজন্য সবচেয়ে বেশি দায়ী।
মানেকে দ্বিতীয় সুযোগ না দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের কাছে বিক্রি করে দিয়েছে বায়ার্ন মিউনিখ। যে সিদ্ধান্ত মানতে পারছেন না সেনেগালিচ স্ট্রাইকার মানের এজেন্ট। তার মতে, ফুটবলীয় দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত বাজে সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন।
এক সাক্ষাৎকারে মানের এজেন্ট বলেছেন, ‘মানেকে বিক্রি করে দেওয়ার বিষয়টি ফুটবলীয় সিদ্ধান্ত না। মানের বেতন জার্মানদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা মানতেই পারছিল না যে, একজন আফ্রিকান হয়ে কীভাবে মানে বায়ার্নে যোগ দিলেন এবং অন্যদের চেয়ে বেশি বেতনভুক্ত হলেন। সুতরাং তারা এটা থেকে মুক্তি চাইছিলেন।’
সাদিও মানের বয়স মাত্র ৩১ বছর। ইউরোপের ফুটবলে তার এখনও অনেক দেওয়ার ছিল। বায়ার্নের জার্সিতে প্রমাণের সুযোগ প্রাপ্য ছিল। কিন্তু টমাস টুখেল তাকে ওই সুযোগ দেননি। ববং তার দলে মানেকে তৃতীয় পছন্দের লেফট উইঙ্গার হিসেবে খেলতে হবে বলে জানিয়ে দেন।
সাদিও মানেও এজেন্ট বলেন, ‘তারা সাদিও মানেকে মুখোমুখি বসে কিছু বলেনি। তারা শুধু তাকে বিক্রির জন্য টুখেলকে পাঠিয়েছিল। তাকে জানিয়ে দেওয়ার জন্য যে, সে তৃতীয় পছন্দের লেফট উইঙ্গার। সাদিওর জার্মানিতে কিছুই প্রমাণের সুযোগ দেওয়া হয়নি। সে আজ যেখানে এসেছে তা বায়ার্নের জন্য না যে তাদের ধন্যবাদ দিতে হবে। বায়ার্ন অকৃতজ্ঞ। ধন্যবাদ প্রাপ্য লিভারপুলের।’
