ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকার লিগ শুরু সেপ্টেম্বরে

ঢাকার লিগ শুরু সেপ্টেম্বরে
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ০৪:০৪

প্রথম শ্রেণির ক্রিকেট লিগের খেলা দিয়ে সাধারণত মৌসুম শুরুর হিসাব করা হয়। সেদিক থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হবে অক্টোবরে। কিন্তু ঢাকার ক্রিকেট মৌসুম শুরু হয় সেপ্টেম্বর থেকেই। 

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী জানান, সেপ্টেম্বরে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ দিয়ে শুরু হচ্ছে ঢাকা লিগ। তৃতীয় বিভাগ শেষ হলে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের খেলা। অক্টোবর-নভেম্বরের মধ্যে শেষ করা হবে প্রথম বিভাগের খেলা। 

এ তিনটি লিগ দলের সংখ্যার দিক থেকে বড় হলেও ঢাকার ক্রিকেটের মূল আকর্ষণ থাকে প্রিমিয়ার লিগে, যেখানে খেলে থাকেন দেশের তারকা ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে মৌসুম শেষও করে বিসিবি। সিসিডিএম চেয়ারম্যান জানান, এবারের লিগ মৌসুম শুরু হচ্ছে ক্রিকেটারদের জন্য কিছু সুখবর দিয়ে। তৃতীয় বিভাগ লিগেও ক্রিকেটারদের পুরস্কারের অর্থ বাড়ানো হচ্ছে।

সালাউদ্দিন বলেন, ‘আমি সিসিডিএমের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাব এবং খেলোয়াড়দের পুরস্কারের অর্থ বেড়েছে। প্রতি বছরই একটু একটু করে বৃদ্ধি করা হচ্ছে। এবারও কিছু সুযোগ-সুবিধা বাড়বে। বিশেষ করে খেলোয়াড়দের জন্য সেটা করা হবে।’ 

শনিবার সিসিডিএমের সভায় ঠিক হবে কবে থেকে মাঠে গড়াবে লিগের খেলা।

আরও পড়ুন

×