‘ক্রিকেটাররা বন্ধু নয় সতীর্থ’, ব্যাখ্যা দিলেন অশ্বিন
ভারতীয় ক্রিকেটার বিরাট, রোহিত ও অশ্বিন। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩ | ০৪:০৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৩ | ০৪:০৮
ভারতীয় স্পিনার রবিশচন্দন অশ্বিনের মন্তব্যে ভক্ত থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা পর্যন্ত বিস্মিত হয়েছেন। তার মতে, জাতীয় দলের ক্রিকেটাররা বন্ধুর চেয়ে সতীর্থ বেশি।
তার এই মন্তব্য নেতিবাচকভাবে নিয়েছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা, ভক্তদের চোখ ছানা বড়া হয়েছে। অনেকে দলে ভাঙনের সুর দেখেছেন। বিয়ষটি পরিষ্কার করতে তাই ব্যাখ্যা দিয়েছেন টেস্ট ক্রিকেটের কিংবদন্তি স্পিনার অশ্বিন।
তিনি জানিয়েছেন, তিনি কোন নেতিবাচক মন্তব্য করেননি। বরং পূর্বের সঙ্গে এখনকার ক্রিকেটের তুলনা করেছেন। বর্তমান সময়ে ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব হওয়া নানান কারণেই কঠিন এটাই বোঝাতে চেয়েছেন।
অশ্বিন বলেছেন, ‘আমি যা বলেছি এবং লোকজন যা বুঝেছে তা পুরোপুরি উল্টো। আমি বলতে চেয়েছি আগে বন্ধুত্বের সুযোগ বেশি ছিল। সফরগুলো বেশ লম্বা হতো। কিন্তু এখন আমরা টানা খেলার মধ্যে থাকি। ভিন্ন ভিন্ন ফরম্যাট খেলি ভিন্ন ভিন্ন দলের হয়ে। ভিন্ন ভিন্ন দলে খেলে বন্ধুত্ব হওয়া কঠিন।’
অশ্বিন আরও একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন, বন্ধুত্ব হওয়া অসম্ভব বলেননি তিনি। বন্ধুত্ব হওয়া কঠিন বলেছেন, ‘আপনি যখন তিন মাস আইপিএল খেলছেন, তার মানে আপনার জাতীয় দলের সতীর্থ প্রতিপক্ষে পরিণত হচ্ছে। এমন ভিন্ন ভিন্ন দলে খেলে বন্ধুত্ব সম্ভব নয় বলছি না, বলছি এটা কঠিন।’
অশ্বিনের মতে, প্রতিযোগিতার মানসিকতা ধরে রাখার জন্য হলেও আইপিএলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে বন্ধুত্ব হয় না। সেজন্য তিনি মনে করেন, তার বক্তব্যে নেতিবাচক কিছু নেই। বরং এটা বদলে যাওয়া ক্রিকেটের একটা অংশ।
