ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাপোলিকে লিগ জেতানো স্পালেত্তি এখন ইতালির কোচ

নাপোলিকে লিগ জেতানো স্পালেত্তি এখন ইতালির কোচ
×

লুসিয়ানো স্পালেত্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১১:০৫ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১১:০৫

গত মৌসুমে নাপোলিকে শিরোপা উপহার দেয়া লুসিয়ানো স্পালেত্তিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি। রবার্তো মানচিনির পদত্যাগের পাঁচ দিন পর স্পালেত্তি এই দায়িত্ব পেলেন। তার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের জায়গা নিশ্চিত করা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলতে ব্যর্থ আজ্জুরিরা আবারো বৈশ্বিক সর্বোচ্চ আসরে ফিরতে মুখিয়ে আছে।

৬৪ বছর বয়সী স্পালেত্তি গত মৌসুমে নাপোলিকে লিগ চ্যাম্পিয়ন বানিয়ে দায়িত্ব ছেড়ে দেন। এরপর প্রায় এক বছর বিশ্রামে থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু জাতীয় দলের প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন এই অভিজ্ঞ কোচ।

দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, 'জাতীয় দলের দুর্দান্ত একজন কোচের দরকার ছিল এবং আমি খুব খুশি যে তিনি (স্পালেত্তি) রাজি হয়েছেন। আমার বিশ্বাস তার উৎসাহ এবং দক্ষতা ইতালির আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ভিত গড়তে সহায়তা করবে।'

স্পালেত্তির সাথে চুক্তির সময়সীমা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ইতালিয়ান গণমাধ্যমের দাবি, ২০২৬ সাল পর্যন্ত তিন বছরের জন্য স্পালেত্তিকে নিয়োগ দেয়া হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের বিরুদ্ধে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচের আগে ফ্লোরেন্সের কাছাকাছি কভারকিয়ানোতে জাতীয় দলের ট্রেনিং সেন্টারে স্পালেত্তিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।

আরও পড়ুন

×