ত্রিফলার গোলে জয়ে ফিরল রেডসরা
লিভারপুলের গোল উদযাপন। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৯:৪৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৯:৪৩
জয়ে মৌসুম শুরু করতে পারেনি লিভারপুল। চেলসির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরাও ছিল সাফল্য। তবে দ্বিতীয় লিগ ম্যাচে ৩-১ গোলের বড় জয় পেয়েছে রেডসরা।
শনিবার অ্যানফিল্ডে বোর্নামাউথের বিপক্ষে গোল করেছেন দলটির ফ্রন্ট লাইনের তিন ফুটবলার। অবশ্য দুঃসংবাদও পেয়েছে জার্গেন ক্লপের দল। লাল কার্ড দেখেছেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।
ঘরের মাঠে ম্যাচের তিন মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। বোর্নামাউথের অ্যান্তোইনি সেমেনও গোল করেন। ২৭ মিনিটে লুইস দিয়োজ ওই গোল শোধ করেন। ডিয়াগো জোটার বল ধরে গোলে পাঠান এই কলম্বিয়ান।
এরপর ৩৬ মিনিটে মোহামেদ সালাহর গোলে লিড নেয় জার্গেন ক্লপের দল। সালাহ পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ধাক্কা খায় লিভারপুল। ৫৮ মিনিটে লাল কার্ড দেখেন ম্যাক অ্যালিস্টার।
তবে লিভারপুলকে তা বিপদে ফেলতে পারেনি। দশ জনের দল নিয়ে চার মিনিট পরই অর্থাৎ ৬২ মিনিটে ডিয়াগো জোটা গোল করে দলকে মৌসুমের প্রথম জয় এনে দেন।
