রোহিত বীরত্বে প্রথমবার ধবলধোলাই প্রোটিয়ারা
ছবি: ইএসপিএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০১:২৭
দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৩৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলির দল। তুলে নিলেন ইনিংস ও ২০২ রানের জয়। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার টেস্টে ধবলধোলাই করার কীর্তি গড়লেন। এর আগে চার টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের রেকর্ড আছে ভারতের।
ভারত দুর্দান্তসব জয় পেয়েছে ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ভর করে। সঙ্গে ভারতীয় পেস-স্পিনাররা মিলে ধসিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। এই সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপে বাড়তি পাওয়া রোহিত শর্মা। তিন টেস্টের সিরিজে পাঁচশ'র ওপরে রান তুলেছেন তিনি। দুই সেঞ্চুরির সঙ্গে একটি ডাবল সেঞ্চুরি এই তারকার। শেষ টেস্টে তিনি খেলেছেন ক্যারিয়ার সেরা ২১২ রানের দুর্দান্ত ইনিংস।
আগের দুই টেস্টের মতো রানচি টেস্টেও টস জিতে ব্যাটিং নেয় ভারত। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। রোহিতের ডাবলের পাশাপাশি আজিঙ্কা রাহানে সেঞ্চুরি করেন। এছাড়া রবিন্দ্র জাদেজা দারুণ এক ফিফটি তুলে নেন। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনংসে ১৬২ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জুবায়ের হামজা। এছাড়া টেন্ডা বাভুমা এবং জর্জ লেন্ডি ৩২ ও ৩৭ রান করেন।
প্রথম ইনিংস থেকে ভারতের পেসার মোহাম্মদ শামি দুটি ও উমেশ যাদব তিনটি উইকেট নেন। শাহবাজ নাদিম এবং রবিন্দ্র জাদেজা তুলে নেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ৩৩৫ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের ৩৬ রানে প্রথম পাঁচ উইকেট হারায় সফরকারীরা। পরে জর্জ লেন্ডি ২৭, ডেন পিটিড ২৩ এবং তিউনিস ডি ব্রুইন ৩০ রান করলে একশ' ছাড়াতে পারে তারা। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ শামি নেন ৩ উইকেট। উমেশ যাদব দুটি এবং শাহবাজ নাদিম দুই উইকেট নেন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ভারত-দক্ষিণ আফ্রিকা
