নাসিম-রউফের চোটে ডাক পেলেন দাহানি-জামান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৪
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ২২৮ রানে বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। আগামী ম্যাচগুলোতে দুই গুরুত্বপূর্ণ পেসারকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চলমান এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন দুই তারকা পেসার হারিস রউফ ও নাসিম শাহ।
ভারতের ও পাকিস্তানের সুপার ফোরের নির্ধারিত ম্যাচ ডে রবিবারে চোট পান রউফ। সোমবার রিজার্ভ ডেতে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। আর ভারতের ইনিংসের ৪৯তম ওভারে কাঁধের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাসিম। পাকিস্তানের বিশাল ব্যবধানে হারা ম্যাচে তারা কেউই ব্যাটিংয়ে নামেননি।
চোটে পড়া দুই পেসারের বদলিও ঠিক করে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। দলে ডাকা হয়েছে দুই পেসার জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে হারিস রউফ ও নাসিম শাহের অস্বস্তির কারণেই অন্তর্ভূক্ত করা হচ্ছে তাদের। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে নামবে বাবরের দল। ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ মেলাতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। এরপর অক্টোবরে তারা বিশ্বকাপ মিশন শুরু করবে। ভারতের মাটিতে এবার বিশ্বকাপ আসর বসবে আগামী ৫ অক্টোবর থেকে।
