ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কখনো হাল ছাড়েনি সাইফরা

কখনো হাল ছাড়েনি সাইফরা
×

সাখাওয়াত হোসেন জয়, হ্যাংঝু (চীন) থেকে

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৫৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৫৩

স্লো উইকেটে বাংলাদেশের ছুড়ে দেয়া ১১৭ রানের টার্গেট তাড়া করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল মালয়েশিয়া। শেষ ওভারে মাত্র ৫ রানের প্রয়োজন ছিল। উইকেটে ছিলেন ভীরন্দেপ সিংয়ের মতো সেট ব্যাটসম্যান। কিন্তু শেষ ওভারে আফিফ হোসেন এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বিপজ্জনক ভীরন্দেপ সিংহে আউট করে বাংলাদেশকে ২ উইকেটের জয় এনে দেন এ অলরাউন্ডার। 

এশিয়ান গেমস ক্রিকেটে বুধবার মালয়েশিয়াকে হারানোর পর সবার আগ্রহ ছিল আফিফকে ঘিরে। কিন্তু ম্যাচ শেষে তিনি আসেননি। তবে আফিফকে কেন শেষ ওভারে বোলিংয়ে এনেছেন তার কারণগুলো সংবাদ মাধ্যমের সঙ্গে তুলে ধরেন অধিনায়ক সাইফ, ‘কোনো টিমকে ছোট করে দেখা উচিত না। আমার মনে হয় ওরা খুবই ভালো ক্রিকেটে খেলেছে। আমরাও ভালো ক্রিকেটে খেলেছি। কিন্তু টি২০ ফরম্যাটে হারের মার্জিনটা খুবম কম থাকে। শেষ বল পর্যন্ত ছেলেরা অনেক আত্মবিশ্বাসী ছিল।’

ম্যাচ যখন হাতের মুঠো থেকে ছিটকে গিয়েছিল। তখনো সবাই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান সাইফ, ‘শেষ ওভারে আমরা ব্যাকওয়ার্ডে ছিলাম। একটা জিনিস ভালো ছিল কেউ খেলা ছাড়েনি, কেউ হাল ছাড়েনি। সবার মধ্যে একটা ধারণা ছিল একটা উইকেট যদি পড়ে যায়, তাহলে আমরা ঘুরে দাঁড়াবো। আর বিশেষ করে আফিফ হোসেনের ওই ওভারটি তো সবাই দেখলেন।’ 

আফিফকে কেন বল দিলেন, আর তাকে নিয়ে কী আশা ছিল? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মনে হয় উইকেটটা খুব স্লো ছিল। আর আমাদের বোলিং অপশনটা সীমিত ছিল। পেস বোলিং ওরা খুব ভালো খেলেছে।  আমাদের চাওয়া ছিল শেষ ওভারটি পেস বোলারই করবে। কিন্তু উইকেট স্লো ছিল, আর আফিফ স্লো বল করে। সবকিছু চিন্তা করেই আমরা আফিফকে বল দিয়েছি।’

মালয়েশিয়ার মতো দলকে হারাতে গিয়ে ঘাম ঝরতে হয়েছে। ভারত ম্যাচের আগে এটা সতর্কবার্তা মনে করেন সাইফ, ‘মালয়েশিয়া ভালো ক্রিকেট খেলে। যদি ভারত-নেপালের খেলা দেখেন, সেখানে নেপাল অনেকখানি এড়িয়ে ছিল। আমার মনে হয় আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোনো টিমের বিপক্ষেই জিততে পারি।’ 

শুক্রবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে একদিন সময় পাচ্ছে বাংলাদেশ। এই একদিন ব্যাটিংয়ের দুর্বলতাগুলো নিয়ে কাজ করা হবে বলে জানান সাইফ, ‘উইকেটা চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয় আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া দরকার। আমাদেরই এ দ্বায়িত্ব নিতে হবে। আশা করি সামনের ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করবে। ব্যাটিংয়ে খারাপ হতেই পারে, তবে এখান থেকে আমরা ব্যাক করেছি এটা খুবই ইতিবাচক।’

আরও পড়ুন

×