প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন রোনালদিনহো
কলকাতার রোনালদিনহো। ছবি: এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ১৫:৪০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ১৫:৪৩
ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো বুধবার বাংলাদেশে আসছেন। একদিনের সফরে ঢাকা এসে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে।
রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে বিস্তারিত জানা যায়নি। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত তার এই সফরের সঙ্গে সম্পৃক্ত। এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিজেনকে ঢাকা এনেছিলেন তিনি।

রোনালদিনহো বুধবার দুপুরে ঢাকা আসবেন বলে জানা গেছে। ঢাকার রেডিসন হোটেলে উঠবেন তিনি। সেখানেই অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে সাধারণ সমর্থকরা তাকে দেখার সুযোগ পাবেন না। সন্ধ্যা সাড়ে ৭টার পরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মধ্যরাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা তার।
ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার মঙ্গলবার কলকাতার মাল্টি ডিসিপ্লিনারি একাডেমিতে যান। সেখানে নানান কর্মকাণ্ডে অংশ নিয়ে কলকাতার সেন্ট জাভিয়ের কলেজে যান তিনি। সেখানে অসংখ্য দর্শক দেখতে আসে তাকে।
