বোর্ডের আয়ের ভাগ দাবি ক্রিকেটারদের
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৭:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ০৭:৩৮
বাংলাদেশের ক্রিকেটাররা গত সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন। মঙ্গলবার তার প্রেক্ষিতে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা বৈঠক করেন। এরপর সংবাদ সম্মেলন করে 'হার্ডলাইনে' যান তারা। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নেওয়া হবে। তারা আলোচনায় আসুক। তবে ক্রিকেটাররা বুধবার আবার নতুন করে ১৩ দফা দাবি দিয়েছেন।
আগের দাবির সঙ্গে যু্ক্ত করেছেন নতুন দুটি দাবি। তার একটি হলো বোর্ডের আয়ের ভাগ দিতে হবে ক্রিকেটারদের। বাংলাদেশের ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের দফা উত্থাপন করেন। সেখানে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভারত এবং অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে ধোনি ক্রিকেট বোর্ড হওয়া সুযোগ আছে। যে ক্রিকেটারদের ঘামে এই রাজস্ব তা ক্রিকেটারদের ভাগ দিতে হবে।
বাংলাদেশ নারী ক্রিকেটারদের ক্যারিয়ারের নিশ্চিয়তা তৈরি করতে হবে। তারা অনেকে ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলতে আসেন। অনেক বাধা অতিক্রম করতে হয় তাদের। নারী ক্রিকেটারদের অর্থনৈতিক বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের জন্য ওয়েলফেরার ফান্ড গঠন করতে হবে। তাদের সম্মানের বিষয়টি দেখতে হবে।
এছাড়া ক্রিকেটারদের অন্য দাবিগুলো একই আছে। শুধু যোগ করা হয়েছে কিছু ছোট ছোট শর্ত। যেমন-প্রিমিয়ার লিগ নিয়ে বলা হয়েছে এটি ভিন্নভাবে আয়োজন করতে হবে। সঙ্গে যোগ করা হয়েছে বছরের টাকা বছরে দিয়ে দিতে হবে। কোয়াব কমিটির পদত্যাগ দাবির সঙ্গে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন গঠনের দাবি করা হয়েছে। যারা ক্রিকেটারদের স্বার্থ দেখবে।
সংবাদ সম্মেলনের আগে ক্রিকেটারদের মুখপাত্র বলেন, তাদের নতুন দাবির কপি ডাক এবং কুরিয়ার যোগে বোর্ডের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্রিকেটারদের এ আন্দোলন দাবি পূরনের জন্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটারদের ধর্মঘট
