ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

শচীনকে টপকাতে যা দরকার কোহলির

শচীনকে টপকাতে যা দরকার কোহলির
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৬:২৮

শচীন টেন্ডুলকার যখন ক্যারিয়ারের ইতি টানছেন জাতীয় দলে তখন সবে জায়গা পাকা করেছেন বিরাট কোহলি। তার গড়ে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সেঞ্চুরির সেঞ্চুরি করার মতো অসাধারণ সব রেকর্ড বিরাট তো দূরে যাক কেউ ভাঙতে পারবেন এমন চিন্তাও ছিল অমূলক। কিন্তু ক’বছর পরেই রানের বন্যা এবং সেঞ্চুরির পর সেঞ্চুরি করে বিরাট বুঝিয়ে দিয়েছেন রেকর্ড গড়ে ভাঙার জন্যই।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি মনে করেন, শচীনের রেকর্ড ভাঙার প্রতিভা এবং সামর্থ দুটিই আছে বিরাট কোহলির। ওয়ানডে ক্যারিয়ারে শচীনের রান ১৮ হাজার ৪২৬। বিরাট করতে পেরেছেন ১১ হাজার ৮৬৭ রান। টেস্টে শচীন থেমেছেন ১৫ হাজার ৯২১ রান। বিরাটের নামের পাশে সাত হাজার ২৪০ রান।

ওদিকে ব্যাটিং কিংবদন্তি শচীন ওয়ানডে-টেস্ট মিলিয়ে একশ’ বার সেঞ্চুরি করেছেন। বিরাট করেছেন ৭০টি সেঞ্চুরি। তার এখনও তাই যেতে হবে বহুদূর। তবে বিরাটের বয়স এখন ৩১ বছর। ক্যারিয়ারটা শচীনের মতো দীর্ঘ করতে পারলে বিরাট ওই সব রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করেন ব্রেট লি।

তার মতে, ‘বিরাট কোহালি যদি এই ফর্মে থাকে এবং আরও সাত-আট বছর খেলতে পারে, তাহলে ও শচীনকে নিশ্চিত ভাবে টপকে যাবে। তবে ব্যাপারটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপর। প্রতিভা, ফিটনেস এবং মানসিক শক্তি। ব্যাটসম্যান হিসেবে প্রতিভা ধরলে বিরাটের তা আছে। ফিটনেসও আছে। ওর বয়স এখন ৩০ এর মতো। তার এখন চাই মানসিক শক্তি।’

বিষয়টির ব্যাখ্যা দিয়ে ব্রেট লি বলেন, ‘কঠিন সময় পার করতে মানসিক শক্তি দরকার। বাড়ি থেকে দূরে থাকতে হয়। স্ত্রীর থেকে দূরে থাকা। সন্তান হলে তাদের থেকে দূরে থাকতে চাই মানসিক শক্তি। তার প্রতিভা, মানসিক শক্তি নিয়ে সংশয় নেই। ওগুলো ধরে রাখতে পারলে ও ফিট থাকলে আমার মনে হয় শচীনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোহলির।’

তবে শচীনের সব রেকর্ড ভাঙার কাজটা যে সোজা নয়, তাও মানছেন ব্রেট লি। সাবেক অজি পেস তারকার মতে, ‘শচীন টেন্ডুলোরকে কেউ প্রকৃত অর্থেই ছাড়িয়ে যাবে কি-না, তা বলা সম্ভব নয়। কারণ ও হল ঈশ্বর। কেউ কি ঈশ্বরকে ছাপিয়ে যেতে পারে। দেখা যাক কী হয়।’

আরও পড়ুন

×