কারো উস্কানিতে বা কারো বিরুদ্ধে আন্দোলন নয়: সাকিব
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৭:৫৫ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ০৮:১৩
দুপুর থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশের ক্রিকেটাররা চলমান সংকট সমাধানে বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন। বিসিবির কর্মকর্তারাও ক্রিকেটারদের আলোচনার জন্য ডাকেন। তারা অপেক্ষা করে ছিলেন। কিন্তু ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে আলোচনার আগে গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের অনুরোধে কথা বলেন বাংলাদেশ দলের টেস্ট এবং টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, 'ক্রিকেটারদের এই আন্দোলন কারো উস্বানিতে নয় কিংবা কোন ব্যক্তির বিরুদ্ধে নয়। বোর্ডের কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত ক্ষোভ, দুঃখ কিংবা বিরাগ নেই। এছাড়া বিসিবির সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চায় বলেও উল্লেখ করেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। তাদের দাবিগুলো যৌক্তিক তাই সময় নিয়েছেন বলে জানান তিনি।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটারদের এই ধর্মঘট ষড়যন্ত্রের অংশ। বোর্ডের ভাব মূর্তি ক্ষুন্ন করতে একটি পক্ষ এই কাজ করছে। ক্রিকেটারদের মধ্যে দুই-একজন ওই ষড়যন্ত্র সম্পর্কে জানেন। অন্যরা জানেন না বলেও উল্লেখ করেন বিসিবির কর্মকর্তা। তার ওই বক্তব্যের প্রেক্ষিতে সাকিব বিষয়টি নিয়ে কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেটারদের সংবাদ সম্মেলন থেকে ১৩টি দাবি তোলা হয়েছে। আগের ১১ দফা দাবি প্রায় একই আছে। তার সঙ্গে যোগ করা হয়েছে ছোট ছোট কিছু শর্ত। এছাড়া মোটাদাগে দুটি নতুন দাবি পেশ করা হয়েছে। ওই দাবির একটি হলো বোর্ডের আয়ের ভাগ দিতে হবে ক্রিকেটারদের। যে ক্রিকেটারদের ঘামে এই রাজস্ব তা ক্রিকেটারদের প্রাপ্য বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া নারী ক্রিকেট নিয়ে যোগ করা হয়েছে একটি দফা। বাংলাদেশ নারী ক্রিকেটারদের ক্যারিয়ারের নিশ্চিয়তা তৈরি করতে হবে। তারা অনেকে ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলতে আসেন। অনেক বাধা অতিক্রম করতে হয় তাদের। নারী ক্রিকেটারদের অর্থনৈতিক বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের জন্য ওয়েলফেরার ফান্ড গঠন করতে হবে। তাদের সম্মানের বিষয়টি দেখতে হবে বলে ১৩ দফা দাবিতে বলা হয়।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- ক্রিকেটারদের ধর্মঘট
