ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা

বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা
×

ছবি: ইউএনবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৮:৪৯

বাংলাদেশের ক্রিকেটাররা সংবাদ সম্মেলন করবেন গতকাল মঙ্গলবারই তা জানা গিয়েছিল। কিন্তু বুধবার দুপুর আসতেই মিলিয়ে যায় সেই খবর। বাতাসে ভাসতে থাকে নতুন খবর, বিসিবির সঙ্গে আলোচনায় বসছেন সাকিবরা। বিসিবি সভাপতি পাপন এবং পরিচালক নাঈমুর রহমান দূর্জয় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ক্রিকেটারদের সব দাবি মেনে নেওয়া হবে এমন মন্তব্য করেন বিসিবি কর্তা পাপন। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পালে আরও হাওয়া লাগে।

কিন্তু সাকিব-তামিম, কিংবা মুশফিক-মাহমুদুল্লাহরা বিসিবির সঙ্গে আলোচনায় না এসে গুলশানের একটি আবাসিক হোটেলে বসেন। নিজেদের মধ্যে আলাপ শেষে সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে আগের ১১ দফার সঙ্গে আরও দুই দফা যোগ করে মোট ১৩ দফা দাবি পাঠান বিসিবির কাছে। এরপর অবশ্য ক্রিকেটাররা বিসিবি কার্যালয়ের দিকে যাচ্ছেন। বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে চান তারা।

সংবাদ সম্মেলন শেষে সাকিব আল হাসান বলেন, তারা নিজেদের মধ্যে পরামর্শ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কখন, কোথায় আলোচনায় বসবেন। সেখানে আজ বুধবার রাতেই মিরপুরে বিসিবি কার্যালয়ে বসার সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। 

সাকিব সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বলেন, তারা কারো উস্কানি কিংবা কারো বিরুদ্ধে আন্দেলন করছেন না। বোর্ডের কারো সঙ্গে তাদের ব্যক্তিগত ক্ষোভ কিংবা বিরাগ নেই। সবাই মিলেই ক্রিকেট বোর্ড। দ্রুত সমস্যার সমাধান কল্পে বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। সাকিবরা আগের ১১ দফা সঙ্গে বোর্ডের আয়ের ভাগ চেয়ে নতুন দফা দিয়েছেন। এছাড়া পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারী ক্রিকেটারদের বৈষম্য দূর করার কথা বলেছেন।

আরও পড়ুন

×