সাকিব-তামিমদের ১৩ দফায় যা আছে
ছবি: ইউএনবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৫২ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৫৫
প্রথমে বাংলাদেশের ক্রিকেটাররা ১১ দফা দাবি জানিয়েছিলেন ক্রিকেট বোর্ডের কাছে। বিসিবি সেই দাবি না মেনে উল্টো কঠিন পথে হাঁটার কথা বলায় ক্রিকেটারদের দফা আরও দুটি বেড়েছে। বুধবার বিসিবিকে দেওয়া চিঠিতে ১৩ দফা দাবি জানিয়েছেন তারা। আগের দফায় আনা হয়েছে কিছুটা পরিবর্তন। নারী ক্রিকেট নিয়ে যোগ হয়েছে একটি গুরুত্বপূর্ণ দফা। চাওয়া হয়েছে বিসিবির আয়ের ভাগও।
দাবিগুলো তুলে ধরা হলো :
১. কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কোনো কার্যক্রম না থাকায় বর্তমান কমিটিকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে। একই সঙ্গে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পদত্যাগ করতে হবে। সেইসঙ্গে ক্রিকেটারদের কল্যাণে একটি পেশাদার সংগঠন করতে হবে।
২. ঢাকা প্রিমিয়ার লিগ আগের মতো আয়োজন করতে হবে। নিজেদের মতো করে আয়োজন করতে হবে।
৩. এ বছর না হলেও পরের বছর থেকে আগের মতো বিপিএল আয়োজন করতে হবে। স্থানীয় ক্রিকেটারদের ভিত্তিমূল্য বাড়াতে হবে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পারিশ্রমিকের তারতম্য করা যাবে না।
৪. প্রথম শ্রেণির ম্যাচ ফি এক লাখ টাকা করতে হবে। সারা বছর কোচ-ফিজিও দিতে হবে। জাতীয় ক্রিকেট লিগে প্রতি বিভাগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে।
৫. ঘরোয়া ক্রিকেটে ভালো মানের বল দিতে হবে। ডিএ দেড় হাজার টাকায় কিছু হয় না; তাই বাড়াতে হবে। ট্রাভেলে বিমানের ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের হোটেল হতে হবে।
৬. চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে।
৭. দেশি সব স্টাফের বেতন বাড়াতে হবে। কোচ থেকে গ্রাউন্ডসম্যান ও আম্পায়ার, সবার বেতন বাড়াতে হবে।
৮. ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-২০ টুর্নামেন্টের আয়োজন করতে হবে।
৯. ঘরোয়া ক্যালেন্ডার নির্দিষ্ট করতে হবে। এটা অন্তত চার-পাঁচ বছর যাতে একই সময়ে সেটা নিশ্চিত করতে হবে।
১০. বিপিএলের পাওনা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে।
১১. ফ্র্যাঞ্চাইজি লিগ দুটোর বেশি খেলা যাবে না- এ নিয়ম তুলে দিতে হবে। সুযোগ থাকলে সবাই খেলবে।
১২. ক্রিকেটের ব্যবস্থাপনায় আমরা স্বচ্ছতা চাই। বিসিবির আয়ের অংশ ক্রিকেটারদের দিতে হবে।
১৩. বাংলাদেশের নারী ক্রিকেট দল ভালো করছে। নারীদের ক্ষেত্রেও তাদের ন্যায্য হিসাব দিতে হবে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- ক্রিকেটারদের ধর্মঘট