ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বল ঘষার বিকল্প চান রুবেল-রাহিরা

বল ঘষার বিকল্প চান রুবেল-রাহিরা
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৫:১৭

করোনাভাইরাস-উত্তর পৃথিবী কেমন হবে, তাও অনুমেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে মানুষকে। খেলার মাঠ থেকে শুরু করে আপন নিবাসেও করতে হবে পরিবর্তিত জীবনযাপন। যেমন খেলার মাঠে পিক করে থুতু ফেলার পুরোনো অভ্যাসে আনতে হবে পরিবর্তন। ফুটবল মাঠে খেলোয়াড়কে থুতু ফেলার প্রয়োজন হলে যেতে হতে পারে সাইডলাইনে। ক্রিকেটে বল শাইন করতে থুতুর ব্যবহার পুরোনো। স্বাস্থ্যবিধির কারণে বল শাইন করতে থুতুর ব্যবহারে দেওয়া হবে নিষেধাজ্ঞা। টেস্টের বল শাইন করতে তাই বিকল্প ভাবতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কাছ থেকে পাওয়া যেতে পারে বিকল্প প্রস্তাব। বিশ্বের অন্য দেশের ফাস্ট বোলারদের মতো বাংলাদেশের পেসাররাও অপেক্ষায় আছেন থুতুর বিকল্প অনুমোদনে।

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মতে, বলে থুতু দেওয়া বন্ধ হলে টেস্টের পেস বোলারদের বিপদ সবচেয়ে বেশি। এর কারণও ব্যাখ্যা করলেন রুবেল, 'টেস্ট ক্রিকেটে অনেক পেস বোলার নির্ভর করেন রিভার্স সুইংয়ের ওপর। এশিয়া মহাদেশে নতুন বলে কিছু ওভার সুইং থাকে। এরপর যারা সুইং করাতে পারেন, তারা সুবিধা পান। বেশিরভাগ ক্ষেত্রেই রিভার্স সুইংয়ের ওপর নির্ভর করতে হয়। থুতু ব্যবহার বন্ধ হয়ে গেলে বোলারদের জন্য খুবই খারাপ হবে। আবার শুনছি বিকল্প কিছু করবে। সেটা কী হবে, জানি না। সে রকম কিছু হলে বোলারদের জন্য স্বস্তির খবর।'

টেস্টের পেসার আবু জায়েদ রাহি অবশ্য থুতু ব্যবহারের বিপক্ষে। তার কাছে স্বাস্থ্যগত নিরাপত্তা সবার আগে, 'বলে থুতু লাগানো যাবে না, ঠিক আছে। আমি এই নিয়মকে সমর্থন করি। স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন হলে চিরতরে বল শাইন করার ক্ষেত্রে থুতুর ব্যবহার বন্ধ করে দেবে আইসিসি। আমার কাছে নিরাপত্তা প্রথমে। থুতু লাগানোর প্রয়োজন নেই। বিকল্প যেটা দেওয়া হবে, সেটা দিয়ে চালিয়ে নিতে পারব।'

বল শাইন করাতে থুতুর বিকল্পের কথাও বলছেন সিলেটের পেসার রাহি। তার মতে, পিচ্ছিল কোনো তরল দিলেই বল শাইন করাতে পারবেন, 'শুনেছি আইসিসি বিকল্প ভাবছে। শু পলিশ বা ভ্যাসলিনের মতো কিছু একটা দেওয়া হলে ভালো শাইন করা যাবে। যদি বিকল্প কিছু নাও দেয়, তাহলেও থুতু ব্যবহার বন্ধের পক্ষে আমি। কারণ, জীবন আগে। স্বাস্থ্য সুরক্ষা সবার আগে।'

স্বাস্থ্য সুরক্ষার কথা রুবেলও ভাবেন। তবে ক্রিকেটের জৌলুস এবং উত্তেজনা বাঁচিয়ে রাখতে বল শাইন করাতে বিকল্পের অনুমোদন চান তিনি, 'আমরা ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই বলে থুতু লাগিয়ে অভ্যস্ত। ওইভাবে তো চিন্তা করিনি। বিকল্প কিছু একটা থাকতে হবে। মুখের থুতু আঠালো। টেস্টের বল অন্যরকম। থুতুর মতো আঠালো কিছু না হলে বল শাইন করানো যাবে না। ৮০ ওভার খেলা হবে একটা বল দিয়ে। বল শাইন করা না গেলে পেস বোলাররা শেষ। উইকেট বের করা অসম্ভব হয়ে পড়বে। দু-একটা ম্যাচ যাওয়ার পর আসলে বোঝা যাবে কী করতে হবে।'

পরিবর্তিত জীবনে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যে সর্বাধিক গুরুত্ব পাবে, তাতে কোনো সন্দেহ নেই। সে কারণে আইসিসির মেডিকেল বিভাগ তৎপর হয়ে উঠেছে। রুবেল, রাহিদের মতো পেস বোলারদের ক্যারিয়ারের কথা ভেবে বল টেম্পারিংকে সাময়িক বৈধতাও দেওয়া হতে পারে। অন্তত ভ্যাসলিন, ক্রিম বা গ্লিসারিনের মতো তরল পদার্থের অনুমোদন দেওয়া হতে পারে বল শাইন করতে।

আরও পড়ুন

×