ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

তিন মাস মাঠের বাইরে সাইফউদ্দিন

তিন মাস মাঠের বাইরে সাইফউদ্দিন
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০১:৩৩

৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সফরে যে সাইফউদ্দিন খেলতে পারছেন না, সেটা ক'দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বুধবার ক্রিকেটারদের ধর্মঘটের ডামাডোলের মধ্যে আরও একটি দুঃসংবাদ শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পিঠের চোটের কারণে আগামী তিন মাস মাঠে নামতে পারবেন না সাইফউদ্দিন।

ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলেও খেলা হচ্ছে না তার। দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আগামী জানুয়ারিতে মাঠে ফিরতে পারেন সাইফউদ্দিন। গত বৃস্পতিবার ঘোষিত ভারত সফরের টি২০ দলে জায়গা পেয়েছিলেন ২২ বছর বয়সী এ ক্রিকেটার। পরদিনই প্রধান নির্বাচক তার ভারত সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। চোটের অবস্থা খারাপ হচ্ছে বলেই তরুণ এ অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।

বুধবার তাই দেবাশীষ চৌধুরী বলেন, 'সাইফউদ্দিনের ভারত সফরে যাওয়া হচ্ছে না। ডিসেম্বরে বিপিএলেও সে খেলতে পারবে না। ডিসেম্বর পর্যন্ত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ বিশ্রামই তার চিকিৎসা। এ চোটের আসলে এর বাইরে কোনো চিকিৎসা নেই। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিট হয়ে মাঠে ফিরতে হবে।' বিসিবির দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতের সঙ্গেও সাইফউদ্দিনের চোট নিয়ে কথা বলেছেন বিসিবির চিকিৎসক ও নির্বাচকরা। ফিজিও বিশ্রামের পক্ষেই মত দিয়েছেন।

সাইফউদ্দিনের পিঠের চোট বেশ পুরোনো। বছরের শুরুতে ব্যথানাশক ইনজেকশন নিয়ে প্রিমিয়ার লিগ খেলেছিলেন। এরপর চোট নিয়ে গত বিশ্বকাপসহ কয়েকটি টুর্নামেন্টও খেলেছিলেন। তবে বিশ্বকাপের পর শ্রীলংকা সফরে ডাক পেয়েও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি এ চোটের কারণে।

আরও পড়ুন

×