ভারত সফরের পুরোটা থাকবেন না তামিম
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৩:২৭
ব্যক্তিগত কারণে টাইগার ওপেনার তামিম ইকবাল ভারতের সফরের পুরোটা দলের সঙ্গে থাকতে পারবেন না। বিসিবিকে তিনি তার না থাকার ব্যাপারে জানিয়েছেন বলে জানা গেছে। তামিম সন্তান সম্ভবা স্ত্রী পাশে থাকতে চান। দ্বিতীয় সন্তানের জনক হবেন তিনি। বোর্ডের থেকে তামিম তাই ছুটি নিতে পারেন বলে জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ।
তামিম দুই-একদিনের মধ্যেই তার স্ত্রীর শারীরিক অবস্থার রিপোর্ট পাবেন বলে মনে করছেন। রিপোর্ট অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। যদি তার স্ত্রীর শারীরিক অবস্থা ইতিবাচক হয় তবে তিনি দলের সঙ্গে শুরুতেই থাকবেন বলে মনে করা হচ্ছে। অন্যথায়, ব্যাংককে স্ত্রীর পাশে থাকবেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমের বিকল্প হিসেবে ভারতের সফরের জন্য ইমরুল কায়েসকে ভেবে রেখেছে বলে জানা গেছে। ইমরুলকে শনিবার থেকে শুরু হওয়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে যোগ না দিতে বলা হয়েছে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'তামিমকে ছুটির অনুমতি দেওয়ার ব্যাপারে আমরা এখনও কিছু ভাবিনি। আমাদের হাতে এ নিয়ে ভাববার জন্য এখনও কিছু সময় আছে।'
ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ফর্মহীন আছেন তামিম ইকবাল। শ্রীলংকায় ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক ছিলেন তামিম। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও ফ্লপ হন ওই সিরিজে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে এবং জিম্বাবুয়ে-আফগানদের নিয়ে করা ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নেন তামিম। ভারত সিরিজে ফিরতে মুখিয়ে আছেন তিনি।