বরিশালে অনুশীলনে যুবা ক্রিকেটাররা
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৫:২০
বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বরিশালে এসে অনুশীলন শুরু করেছেন। বৃহস্পতিবার দু'দলের খেলোয়াড়রা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেন। উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বুধবার বরিশালে পৌঁছান। আগামী ২৬ অক্টোবর এই স্টেডিয়ামে ৪ দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা যুবা ক্রিকেট দল।
বয়সভিত্তিক ম্যাচ হলেও এই প্রথম কোন বিদেশি দল বরিশালে খেলতে এসেছে। এ নিয়ে স্থানীয় খেলোয়াড়, সংগঠক এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় খেলোয়াড়রা বলেন, ২৬ অক্টোবর বাংলাদেশ-শ্রীলংকা থেকে অনুষ্ঠেয় ৪ দিনের ম্যাচ দিয়ে আগামী দিনের বরিশালের ঘরোয়া ক্রিকেটে উন্নতি আসবে। বরিশালের তরুণ ক্রিকেটার মো. রাকিব হাওলাদার জানান, যারা স্থানীয় ক্রিকেট খেলেন এ ম্যাচ তাদের জন্য খুবই শিক্ষণীয় হবে। সরাসরি আন্তর্জাতিক মানের খেলা দেখতে পেয়ে আগামী দিনের ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়বে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান জানান, আগামী ২৬ অক্টোবর বরিশালে বাংলাদেশ ও শ্রীলংকা যুবা দলের ম্যাচ ঘিরে মাঠসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থানায় ৪ দিনের এ ম্যাচ অনুষ্ঠিত হবে। বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলাবাহিনীসহ সর্বস্তরের বরিশালবাসীর সহযোগীতায় অত্যন্ত সফলভাবে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত আন্তর্জাতিক মানের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তাই স্টেডিয়ামে কোন প্রবেশ মূল্য ধরা হয়নি।