বাংলাদেশকে হারানো সহজ হবে না :লক্ষ্মণ
ভিভিএস লক্ষ্মণ- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ১০:৩৪
ঘরের মাঠে ভারত কতটা শক্ত প্রতিপক্ষ, টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সদ্য শেষ হওয়া টি২০ ও টেস্ট সিরিজে প্রোটিয়াদের দারুণভাবে হারিয়েছে বিরাট কোহলির দল। তারপরও বাংলাদেশকে নিয়ে ভয়ে আছেন তাদের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তার কাছে এই বাংলাদেশ অন্যরকম। ধারে-ভারে হতে পারে ভারতের চেয়ে হালকা। তবু সাকিবদের হারানো মোটেও সহজ হবে না বলে মনে করছেন এই তারকা- 'ভারত-বাংলাদেশ সিরিজ বেশ প্রতিযোগিতামূলক হবে। আমার মনে হয় তাদের হারানো সহজ হবে না।'
স্টার স্পোর্টসে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে লক্ষ্মণ বলেন, ক্রিকেটে আজকের বাংলাদেশ অনেকটা ভালো করছে। তাদের দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা কি-না যে কোনো ম্যাচের চেহারা বদলে দিতে পারে। যদি বর্তমান দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের তুলনা করা হয় তাহলে দেখা যাবে, প্রোটিয়াদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কেননা, বর্তমান বাংলাদেশ দলে দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে, 'বর্তমান দক্ষিণ আফ্রিকার চেয়ে আমি বাংলাদেশকে এগিয়ে রাখব। কেননা, প্রোটিয়াদের চেয়ে বাংলাদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। কয়েকজন আবার দুর্দান্ত ফর্মে।'
ভারত-বাংলাদেশ ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। নানা কারণে প্রতিবেশী এ দুই দেশের ক্রিকেট লড়াইটা আগের তুলনায় বেশি জমছে। সেদিক থেকে এবারও ভারতের মাটিতে বাংলাদেশ-ভারত সিরিজে কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন লক্ষ্মণ, 'বাংলাদেশ উন্নতি করছে। গত কয়েক বছর তারা ক্রিকেটে অনেকটা এগিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় তাদের সঙ্গে ভারতের লড়াইটা সহজ হবে না।'
পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী, নভেম্বরে তিন ম্যাচ টি২০ আর দুই ম্যাচের টেস্টে অংশ নিতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
- বিষয় :
- ভিভিএস লক্ষ্মণ
- ক্রিকেট