রবীন্দ্রময় কীর্তির দিনে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:২৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৪৩
ব্যাটে-বলে আরও একটি দুর্দান্ত দিন পার করল নিউজিল্যান্ড। আর এদিনও নায়কের ভূমিকায় ছিলেন রাচিন রবীন্দ্র। অভিষেক সেঞ্চুরির ইনিংস টেনে নিয়ে গেলেন আড়াইশোর দোড়গোড়ায়। আজ টেস্টের দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে তিনি আউট হন শেষ পর্যন্ত ২৪০ রানে।
৫৪৬ মিনিট ক্রিজে থেকে ৩৬৬ বল খেলে ২৬ চার ও ৩ ছক্কায় ইনিংসটি খেললেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। রবীন্দ্রময় এমন ইনিংসের কল্যাণে নিউজিল্যান্ড দলও পেয়েছে বিশাল সংগ্রহ। নিজেদের প্রথম ইনিংসে ৫১১ রানে অলআউট হয় কিউইরা।
এদিকে রাচিন রবীন্দ্রর মহাকাব্যিক ইনিংস যিনি থামিয়েছেন, সেই নিল ব্রান্ডও পরে নিজের নাম তুলে ফেললেন ইতিহাসে। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট খেলতে নামা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বাঁহাতি স্পিনে শিকার করলেন ৬ উইকেট। যদিও প্রোটিয়া এই ওপেনার ব্যাট হাতে রাঙাতে পারেননি। মাত্র ৪ রান এসেছে তার ব্যাট থেকে।
৫১১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৮০ রান নিয়ে। হাতে ৬ উইকেট নিয়ে এখনও প্রথম ইনিংসে তারা ৪৩১ রানে পিছিয়ে। ফলোঅন এড়াতে এখনো ২৩১ রান প্রয়োজন প্রোটিয়াদের।
২৪০ রান করা রাচিন এখন নিউজিল্যান্ডের হয়ে সবার ওপরে। এর আগে ১৯৯৯ সালে ম্যাথিউ সিনক্লেয়ার অভিষেক টেস্ট সেঞ্চুরিকে ২১৪ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। এ ছাড়া কিউইদের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কীর্তি গড়তে পেরেছেন আর কেবল দুজন।
১৯৪৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২০৬ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন ডনেলি। আর সর্বশেষ ২০২১ সালে সেই ইংলিশদের বিপক্ষেই ২০০ রান করেন ডেভন কনওয়ে। প্রথম টেস্ট সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটি অনেক বছর ধরে স্যার গ্যারি সোবার্সের। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকায় অপরাজিত ৩৬৫ রানের বিখ্যাত ইনিংসটি খেলেন তিনি।
- বিষয় :
- নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
