ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান যেতে চান না ডমিঙ্গো-ভেট্টোরিরা

পাকিস্তান যেতে চান না ডমিঙ্গো-ভেট্টোরিরা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৪:২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ দক্ষিণ আফ্রিকাময়। দেশটির পাঁচ কোচিং স্টাফ সাকিব-তামিমদের সঙ্গে কাজ করছেন। বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকার ওই কোচিং স্টাফরা যাবেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন। পাকিস্তান সফরে যাবেন না টাইগারদের স্পিন বোলিং কোচ সাবেক কিউই তারকা ড্যানিয়েল ভেট্টোরিও। একই মত দিয়েছেন ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারানে।

সূচি অনুযায়ী আগামী জানুয়ারিতে পাকিস্তানে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা আছে বাংলাদেশ জাতীয় দলের। বিসিবি ওই সফরে দল পাঠাবে কি-না সেই সিদ্ধান্ত এখনও নিতে পারেনি। তবে তার আগেই সাকিবদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ফিজিও থেরাপিস্ট জুলিয়ান ক্যালিফাতে জানিয়ে দিয়েছেন পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধাস্ত নিলেও তারা যাবেন না। দলের ভারতীয় ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও একই মত দিয়েছেন।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ নিয়ে বলেন, 'এ ব্যাপারে আমাদের এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আলোচনা হলে পুরো পরিস্থিতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারবো।' তবে কোচদের ইচ্ছা পাকিস্তান সফরে না যাওয়া এটা জানেন তিনি। বাংলাদেশ জাতীয় স্পিন কোচ হয়ে শুক্রবার ঢাকা এসেছেন ড্যানিয়েল ভেট্টরি। এসেই তিনি পাকিস্তান সফরে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠিয়েছে। অনূর্ধ্ব-১৬ দল গেছে পাকিস্তান সফরে। নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানে দল পাঠিয়েছে বোর্ড। তবে দলের সঙ্গে কোচরা যাননি। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাই স্থানীয় কোচদের দায়িত্ব দিয়ে পাকিস্তান সফরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×