ফিলিস্তিনের না’তে ম্যাচহীন সাবিনারা
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:০০
কয়েক দিন আগে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক এ প্রতিযোগিতা শেষ হওয়ার পর সাবিনা খাতুনদের ব্যস্ততা শুরু হওয়ার কথা ছিল। চলতি মাসেই ফিলিস্তিন নারী দলের বিপক্ষে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতিও নিয়ে রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফা উইন্ডোতে ফিলিস্তিন নারী ফুটবল দল তাদের বাংলাদেশ সফর বাতিল করেছে। রোববার বাফুফের একটি সূত্র সমকালকে তা নিশ্চিত করেছে।
ফিলিস্তিন নারীরা না আসায় ফিফার এই উইন্ডোতেও মাঠে নামা হচ্ছে না সানজিদা আক্তার-কৃষ্ণা রানী সরকারদের। এর আগে সৌদি নারী ফুটবল দলও বাংলাদেশে আসবে না বলে জানিয়ে দেয়। পর পর দুটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ নারী ফুটবলাররা। এই মুহূর্তে অন্য কোনো দলকে আনাটা কঠিন বলে মনে করছেন বাফুফের কর্তারা। তাই এপ্রিলে ফিফার পরবর্তী উইন্ডোর দিকে নজর তাদের।
গত মাসেই ফিলিস্তিনের ঢাকায় আসার বিষয়টি চূড়ান্ত করেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। দুটি প্রীতি ম্যাচের তারিখ চূড়ান্ত না করলেও ১৩-২২ ফেব্রুয়ারি ছিল সম্ভাব্য তারিখ। তার আগেই ফিলিস্তিন ফুটবল ফেডারেশন বাংলাদেশকে না বলে দিয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছে ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (ওয়াফ) চ্যাম্পিয়নশিপের কথা। ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হবে আট দল নিয়ে ওয়াফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’তে ফিলিস্তিন খেলবে নেপাল, সিরিয়া ও ইরাকের বিপক্ষে। মূলত ফিফা উইন্ডোতে এই টুর্নামেন্টটি হওয়ায় ফিলিস্তিনের জন্য বাংলাদেশের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অসম্ভব। আর টুর্নামেন্ট শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।
ফিলিস্তিন যে আসবে না, সেটা বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কথাতেই কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে, ‘ফিলিস্তিন আসবে কিনা, এটা নিয়ে কালকে (সোমবার) দুপুরে ফেডারেশনে আমি কথা বলব।’
বাংলাদেশ নারী জাতীয় দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল গত বছরের ডিসেম্বরে। ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ এবং ৮-০ গোলে জিতেছিল সাইফুল বারী টিটুর দল। সেই সাফল্যের পর সৌদি আরবকে এনে মেয়েদের খেলার মধ্যে রাখার পরিকল্পনা করেছিল বাফুফে নারী ফুটবল কমিটি। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটির পর এবার ফিলিস্তিনও না বলায় আবারও অনেক দিনের জন্য খেলার বাইরে চলে যাচ্ছেন তহুরা খাতুন-মনিকা চাকমারা।
কারণ এ বছরের অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার যে পরিকল্পনা নিয়েছিল ফেডারেশন, ফিলিস্তিন না আসায় সেখানে একটা ধাক্কা খেয়েছে।
