ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি বাংলাদেশের
ফাইল ছবি
অনলাই ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৫:৩২
১৫ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে জিততে জিততে ড্র করেছিল বাংলাদেশ। মোহাম্মদ সাদ উদ্দিনের গোলে জয়ের স্বপ্ন দেখছিল লাল-সবুজের দলটি। কিন্তু ৮৮ মিনিটে আদিলের গোলে ভেঙে যায় জয়ের স্বপ্ন। তবে জিততে না পারলেও ভারতের মাটি থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনাটাও অনেক বড় অর্জনের।
সেই পারফরম্যান্সের প্রভাব পড়েছে এবার ফিফা র্যাংকিংয়েও। বাংলাদেশ যেখানে তিন ধাপ এগিয়েছে, সেখানে প্রতিবেশী দেশ ভারত পিছিয়েছে দুই ধাপ। গতকাল ঘোষিত ফিফা র্যাংকিংয়ে ১৮৭তম স্থান থেকে তিন ধাপ উন্নতিতে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। দুই ধাপ পেছানো ভারতের অবস্থান ১০৬ নম্বরে।
র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম। অবস্থার হেরফের হয়নি ফ্রান্স (২), ব্রাজিল (৩), ইংল্যান্ডের (৪)। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আর্জেন্টিনার। এক ধাপ উন্নতিতে দশ থেকে এখন নয়ে উঠে এসেছে আলবেসেলেস্তিয়ারা।
পাকিস্তান ছাড়া র্যাংকিংয়ে অবনমিত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর। এক ধাপ পিছিয়ে মালদ্বীপ ১৫৪ নম্বরে, ছয় ধাপ পিছিয়ে নেপাল ১৬৭ নম্বরে, চার ধাপ পিছিয়ে ভুটান ১৮৯ নম্বরে, এক ধাপ পিছিয়ে ২০৩ নম্বরে শ্রীলংকা। তবে দুই ধাপ উন্নতি হওয়া পাকিস্তানের অবস্থান ২০১তম।
- বিষয় :
- ফিফা র্যাংকিং
- ফুটবল
- বাংলাদেশ
