ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বার্নলিকে গোলবন্যায় ভাসাল আর্সেনাল, ৫ ম্যাচেই ২১ গোল

বার্নলিকে গোলবন্যায় ভাসাল আর্সেনাল, ৫ ম্যাচেই ২১ গোল
×

ছবি- গেটিইমেজেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৩

একটি কিংবা দুটি নয়,প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে জয় তুলে নেওয়াটাকে অভ্যাসে পরিণত করে ফেলছে আর্সেনাল। আগের ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৬-০ ব্যবধানে হারিয়েছিল গানার্সরা। শনিবার বার্নলির বিপক্ষেও গোল উৎসব করল আর্সেনাল।

প্রিমিয়ার লিগে মাঝারি সারির দলটিকে তাদের মাঠেই ৫-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এর আগে লিভারপুল, নটিংহ্যাম ফরেস্ট ও ক্রিস্টাল প্যালসের বিপক্ষে ১০ গোল করেছিল আর্সেনাল। অর্থ্যাৎ শেষ পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২১ বার বল পাঠিয়েছে গানার্সরা।

বার্নলির বিপক্ষে বড় জয় পাওয়া ম্যাচে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। এছাড়া মার্টিন ওডেগার্ড, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও কাই হাভার্টজ বাকি গোলগুলো করেন। এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাস থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন মার্টিন ওডেগার্ড। ডেক্লান রাইসের কাছ থেকে বল পেয়ে মার্টিনেল্লি পাস বাড়ান ওডেগার্ডকে। বাঁ পায়ের দূরপাল্লার শটে ডি-বক্সের বাইরে থেকেই বল জালে জড়ান এই নরওয়েজিয়ান।

৪১ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করে ব্যবধান বাড়ান সাকা। বিরতির পর ৪৭ মিনিটে ওডেগার্ডের বাড়ানো বলে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন এই ইংলিশ উইঙ্গার। চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ১২ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন সাকা। চ্যাম্পিয়ন্স লিগেও ৫ ম্যাচে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।

৬৬ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ৭৮ মিনিটে কাই হাভার্টজ আরও দুইবার বার্নলির জালে বল পাঠালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে গানাররা। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন

×