ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

'ভেট্টোরির আইপিএল অভিজ্ঞতা কাজে লাগবে'

'ভেট্টোরির আইপিএল অভিজ্ঞতা কাজে লাগবে'
×

প্রথমবার বাংলাদেশ দলের সঙ্গে শুক্রবার যোগ দেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ | ০৮:২৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ | ০৯:৪২

উপমহাদেশের দল হিসেবে স্পিনে শক্তিশালী বাংলাদেশ। ঘরের মাঠে স্পিন দিয়ে অনেক শক্ত প্রতিপক্ষ কাবু করেছেন সাকিবরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো দল টেস্টে সাকিব-মিরাজদের স্পিন বিষে নীল হয়েছেন। অথচ স্পিন কোচটাই 'পারটাইমার' নিয়েছে বিসিবি। টাইগার স্পিনারদের সঙ্গে নিজের সুযোগ-সুবিধা মতো কাজ করবেন কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। আফগান সিরিজে সাবেক কিউই তারকাকে পায়নি বাংলাদেশ। তবে ভারত সিরিজের আগে কোচ ভেট্টোরি দর্শন হয়েছে ক্রিকেটারদের।

নতুন কোচ নিয়ে তিন বছর পরে জাতীয় দলে ফেরা আরাফাত সানি বলেন, 'বাঁ-হাতি স্পিনার হিসেবে তার বোলিংটা অনুসরণ করতাম। আজ তার সঙ্গে প্রথমদিন। অনুশীলন আরও আছে। কিভাবে কী করলে আরও ভালো করা যায় তার সঙ্গে আলাপ করবো।' ভেট্টোরির আন্তর্জাতিক এবং আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি।

আরাফাত সানি বলেন, 'ভারতে অনেক ম্যাচ খেলেছেন তিনি। কোচ হিসেবে আইপিএলে কাজ করছেন। উইকেটটা তিনি আমাদের থেকে অনেক ভালো জানেন। ভারতের কোন উইকেট কেমন হয়, সেখানে কিভাবে বোলিং করলে ভালো করা যায় এগুলোর ধারাণা নেওয়ার চেষ্টা করবো।'

নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ড্যানিয়েল ভেট্টোরি। পেস সহায়ক পিচে খেলেও উইকেট তুলে নিয়েছেন তিনি। আবার ভারতীয় উপমহাদেশে কিউইদের বোলিং ভরসা হয়ে উঠতেন তিনি। আরাফাত সানি তাই বলেন, এই অঞ্চল সম্পর্কে ভেট্টোরির ধারণা-অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। সেগুলো অনুসরণ করলে আমাদের জন্য ভালো হতে পারে। অনেকদিন পর জাতীয় দলে অনুশীলন করছি। ভিডিও অ্যানালিস্টের সাহায্যে ভিডিও দেখব। কিভাবে ভারতকে আটকানো যায় সেটা বুঝব।' ভেট্টোরির সঙ্গে প্রথমদিন আলাদা কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন

×