ডোপ কাণ্ডে চার বছরের জন্য নিষিদ্ধ পগবা
পল পগবা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:৫৬
ডোপিং কাণ্ডে সর্বোচ্চ শাস্তি পেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পল পগবা। আগামী চার বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে।
এর আগে গত বছর নিষিদ্ধ ওষুধ সেবন করার অভিযোগ ওঠে জুভেন্টাসের এই তারকার বিরুদ্ধে। এরপর গত বছরের ২০ আগস্ট উদিনিসের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর পগবার একটি পরীক্ষা করা হয়। যেখানে তার দেহে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন হরমোন পাওয়া যায়। এই টেস্টোস্টেরন ফুটবলারদের দীর্ঘ সময় মাঠে থাকতে সহায়তা করে।
উদিনিসের বিপক্ষে সেই ম্যাচে পগবা খেলতে নামেননি। তিনি সেদিন পুরো ম্যাচজুড়ে বেঞ্চে ছিলেন। তবে বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। মাদক পরীক্ষার অংশ হিসেবে সেদিন তার স্যাম্পল নেওয়া হয়েছিল। পরীক্ষা করে তার দেহে নিষিদ্ধ ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’ পাওয়া গিয়েছে।
পজিটিভ রেজাল্ট আসার পর তৎক্ষণাত নিষিদ্ধ করা হয় পগবাকে। যদিও আপিল করেছিলেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু কোনো লাভ হয়নি। চার বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলছেন অনেকেই। ৩০ বছর বয়সী পল পগবা চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফুটবলে ফিরতে পারবেন কি! না কি এখানেই শেষ হতে যাচ্ছে এ তারকার ক্যারিয়ার।
মিডফিল্ডার পল পগবা ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন। ওই দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি। দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। ফ্রান্স অনূর্ধ্ব-১৬ থেকে অনূর্ধ্ব-২০ হয়ে জাতীয় দলে ঢোকেন এই মিডফিল্ডার। লেস ব্লুজদের জার্সিতে খেলেছেন ৯১ ম্যাচ।
- বিষয় :
- পল পগবা
