নারী ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ছবি: এসিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৮:৩০ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০৮:৩২
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ নারী দল যখন হার মানল পাকিস্তানের কাছে, একই দিন কলম্বোর নেভি গ্রাউন্ডে পাকিস্তান ইমার্জিং টিমকে উড়িয়ে দিল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে আগে ব্যাট করে ৪৮ ওভারে ৮ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে ১১৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ইমার্জিং টিম। আর ম্যাচটি ৬৫ রানে জিতে নেন বাংলার মেয়েরা।
শুরুটা দারুণ হয় বাংলাদেশের। কোনো উইকেট না খুইয়ে ৬০ রান জমা করে তারা। ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ওপেনার মুরশিদা খাতুন। আউট হওয়ার আগে ১১২ বল থেকে করেন ৬৯ রান। যদিও মুরশিদা বিদায় নেওয়ার পর চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ দিকে আবারও জুটি মেরামতের দায়িত্ব নেন ফাহিমা খাতুন। ৪৭ বলে অপরাজিত ৩৪ রান যোগ করেন তিনি। তাকে সঙ্গ দেন নাহিদা। তবে খুব বেশিদূর এগোতে পারেননি নাহিদা। ১০ রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। পাকিস্তানের হয়ে বল হাতে আলো ছড়ান ফাতিমা সানা খান। ৭ ওভার হাত ঘুরিয়ে ৩৯ রান খরচায় তুলে নেন ২ উইকেট। ২ উইকেট শিকার করেন সাঈদা শাহও। বৃথা হাত ঘোরাননি তুবা হাসান।
বাংলাদেশের দেওয়া ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে চমৎকার সূচনার আভাস দিয়েও ঝিমিয়ে পড়ে। ৩৭ রানের মাথায় প্রথম উইকেট পতন হয় পাকিস্তান ইমার্জিং নারী দলের। এরপর টপাটপ আরও দুই উইকেট খোয়ায় তারা। তবে চতুর্থ উইকেটে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন হুরাইনা ও মুনেবা। দু'জন অনেকটা সময় উইকেট আগলে রাখেন। কিন্তু ৭৫ রানের মাথায় মুনেবা আউট হলে আবারও চাপে পড়ে পাকিস্তান। শেষ দিকে ছোট ছোট জুটিতে রানের চাকা ঘুরলেও কাঙ্ক্ষিত গন্তব্যে পা রাখতে পারেননি পাকিস্তানের নারীরা। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে তিনটি করে উইকেট দখলে নেন শায়েলা শারমিন ও রাবেয়া। দুই উইকেট ঝুলিতে পুরেন নাহিদা আক্তার। এ ছাড়া খালি হাতে ফেরেননি মুমতা হেনা হাসনাত ও ফাহিমা খাতুন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং নারী দল :৪৮ ওভারে ১৮১/৮ (মুরশিদা ৬৯, ফাহিমা ৩৪*, তানজিম ২০; সাঈদা ২/৩৫, ফাতিমা ২/৩৯, তুবা ১/২৩)
পাকিস্তান ইমার্জিং নারী দল :৪৩.৪ ওভারে ১১৬/১০ (মুনেবা ২৭, হুরাইনা ২৩, জারিয়া ১৬, তুবা ২১, ফাতিমা ১৬; রাবেয়া ৩/৫, শারমিন ৩/২০, নাহিদা ২/১৬, মুমতা হেনা ১/২৮)
ফল: বাংলাদেশ ৬৫ রানে জয়ী।
- বিষয় :
- বাংলাদেশ নারী দল
- ইমার্জিং নারী দল