ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

টি-২০ সিরিজে তামিমের পরিবর্তে ইমরুল

টি-২০ সিরিজে তামিমের পরিবর্তে ইমরুল
×

তামিম ইকবাল- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৯:২৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ | ০৯:২৬

পারিবারিক কারণে ভারতে খেলতে যেতে পারবেন না তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক বিজ্ঞপ্তিতে বাঁহাতি ওপেনারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে। 

মূলত সন্তানসম্ভবা স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। আগামী মাসেই দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন দেশসেরা এ ব্যাটসম্যান। তার পরিবর্তে ১৫ সদস্যের স্কোয়াডে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসকে। প্রথম দিন থেকেই জাতীয় দলের অনুশীলনে আছেন তিনি। কোমরে ব্যথা থাকায় আগেই ১৫ জনের স্কোয়াড থেকে বাদ দেওয়া পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় একজন পেসার নেওয়া হচ্ছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এই পেসারের বদলি চেয়েছেন।

শ্রীলংকা সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটে নেই তামিম। ইনজুরির কারণে মাশরাফি বিন মুর্তজা ওই সিরিজে যেতে না পারায় অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। বিশ্বকাপের পরের সিরিজেই হোয়াইওয়াশ হয়ে দেশে ফেরে দল। তামিম নিজেও ভালো খেলেননি ওই সফরে। 

মানসিক ক্লান্তি কাটাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলেননি তিনি। লম্বা সময়ের জন্য খেলার বাইরে থাকলেও ফিটনেস নিয়ে প্রচুর কাজ করেছেন তামিম। থাইল্যান্ডে ট্রেনার নিয়োগ দিয়ে কঠোর পরিশ্রম করে পাঁচ কেজি ওজন কমান তিনি। বিপ টেস্টে ১২ স্কোর করে দারুণ উজ্জীবিত ছিলেন দেশসেরা এ ব্যাটসম্যান। জাতীয় লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এ মাসে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচ খেলেন চিটাগং বিভাগীয় দলের হয়ে। বড় স্কোর করতে না পারলেও ব্যাটে-বলের সংযোগটা ভালোই করছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচ শুরুর দিন মাঠে গিয়েও খেলা হয়নি তার। পাঁজরের পেশিতে টান পড়ায় পুরোপুরি বিশ্রাম দেওয়া হয় তামিমকে। 

শুক্রবার জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করে কিছুক্ষণ সাইক্লিং করেন ড্রেসিংরুমের ভিউইং এরেনায়। বিসিবি ছুটি কার্যকর করায় শনিবার আর মাঠে আসেননি তিনি।

আরও পড়ুন

×