ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড

বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর, জনপ্রিয় মোরসালিন

বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর, জনপ্রিয় মোরসালিন
×

বিএসপিএ-কুল স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ছবি: সমকাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ২২:৫৭

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন অ্যাথলেট ইমরানুর রহমান। দর্শকের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। 

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৩’। জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সেরার স্বীকৃতিস্বরূপ ট্রফি ও প্রাইজমানি। ১৯৬৪ সাল থেকে বিএসপিএ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার দিয়ে আসছে। 

ইমরানুর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ৬০ মিটার স্প্রিন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ার সব দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন। এরপর বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারিতে নিজের হিটে প্রথম হয়ে মূল পর্বে জায়গা করে নেন তিনি। থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে খেলেন, হাঙ্গেরিতে বিশ্ব অ্যাথলেটিকসের প্রিলিতে নিজের হিটে প্রথম হয়ে মূল পর্বেও খেলেন তিনি। 

এদিকে বসুন্ধরা কিংসের হয়ে ২০২৩ সাল মাতানো মোরসালিন খানিকটা অবাকই হয়েছেন পুরস্কার হাতে পেয়ে। মূলত ক্রিকেটার, অ্যাথলেটদের পেছনে ফেলে জনপ্রিয় হয়ে খানিকটা বিস্মিত এই ফুটবলার।

ইমরানুর, মোরসালিন ছাড়াও বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলো কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে তিন ফরম্যাটে ১৬৫০ রান করা জাতীয় দলের এই তারকার হাতে ওঠে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। রাকিব হোসেন বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ফারজানা হক পিংকি। বর্ষসেরা দলগত সাফল্যের পুরস্কার পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুবাইয়ে গত বছর এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল যুবারা।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে এদিন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

আরও পড়ুন

×