নাঈম-আফ্রিদিদের দেখতে চান ভেট্টরি
অনুশীলনে তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলামের সঙ্গে কথা বলছেন স্পিন কোচ ভেট্টরি। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:০৮
স্পিন উপদেষ্টা কোচ ড্যানিয়েল ভেট্টরি কাজে যোগ দিয়েছেন দু'দিন হলো। জাতীয় দলের স্পিনারদের নিয়ে কাজও করছেন। তবে তার ক্লাসে ছাত্রের সংখ্যা খুবই কম- বাঁহাতি স্পিনার আরাফাত সানি, লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও ডানহাতি অফস্পিনার আফিফ হোসেন। সাকিব আল হাসান তো শনিবারই যোগ দিলেন ক্যাম্পে। মাহমুদুল্লাহ রিয়াদরা অনিয়মিত স্পিনার।
স্পিন সৃমদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের খ্যাতি আছে। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ সামনে রেখে যে ক'জন স্পিনারকে ভেট্টরি দেখছেন, তারা দেশের স্পিনারদের পুরোটা চিত্র তুলে ধরেন না। বরং বাংলাদেশের স্পিন আক্রমণ বলতে মিরাজ, তাইজুল, নাঈমদের নাম উঠে আসবে।
ভেট্টরি তাই দেশে যে ক'জন স্পিনার আছে, তাদেরও একটু দেখতে চান। রোববার ও আগামীকাল সোমবার জাতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর জন্যও খেলোয়াড় লাগবে ক্যাম্পে। এজন্য জাতীয় লিগের দলগুলো থেকে আটজন ক্রিকেটারকে প্রস্তুতি ম্যাচের জন্য ডাকা হয়েছে।
শনিবার বিসিবি সভাপতি যেমন বললেন, মিরাজ, তাইজুল, নাঈম, আফ্রিদি, নাজমুল অপুদের ডাকা হচ্ছে। যেহেতু তারা এখানে নেই, তাই কোচেরও কোনো অপশন নেই। এই স্পিনাররা এলে কোচও এক-দুজনকে বেছে নিতে পারবেন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- বাংলাদেশ-ভারত-২০১৯
- ভেট্টরি