ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সেঞ্চুরি দিয়ে '৩৩' ছুঁলেন ওয়ার্নার

সেঞ্চুরি দিয়ে '৩৩' ছুঁলেন ওয়ার্নার
×

টি-২০ ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়া ওয়ার্নারের উদযাপন। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০২:৪৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০২:৫৪

টি-২০ ফ্র্যাঞ্চাইজিতে ওয়ার্নারের দাপুটে ব্যাটিং, বোলারদের মেরে তছনছ করে দেওয়া ভক্তদের কাছে খুবই পরিচিত। জাতীয় দলেও কম মারকুটে ব্যাটিং দেখাননি তিনি। তবে টি-২০ ক্রিকেটে জাতীয় দলের হয়ে সেঞ্চুরির মুখ দেখা হয়নি ওয়ার্নারের। দুঃস্বপ্নের মতো অ্যাসেজ সিরিজ কাটানোর পর টি-২০ দিয়ে ফর্মে ফিরলেন এই অজি ব্যাটসম্যান। তুলে নিলেন প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। আর সেটা এলো তা ৩৩তম জন্মদিনে।

রোববার অ্যাডিলেডে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে চতুর্থ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি তুলে নিলেন ডেভিড ওয়ার্নার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ফিঞ্চ-ওয়ার্নার ১০.৫ ওভারে তোলেন ১২২ রান। অজি অধিনায়ক ফিঞ্চ ৩৬ বলে ৬৪ রান তুলে ফিরে যান। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছয়ে সাজানো। এরপর দ্বিতীয় উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ওয়ার্নার যোগ করেন ১০৭ রান। শেষ ওভারে ম্যাক্সওয়েল ২৮ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন। তার ইনিংস সাজানো ছিল সাতটি চার ও তিনটি ছয়ে।

ইনিংসের একেবারে শেষ বলে শতকের দেখা পান ওয়ার্নার। তিনি ৫৬ বলে পুরোপুরি ১০০ রানের ইনিংস খেলেন। তার সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নার তার দুর্দান্ত ইনিংস খেলার পথে ১০টি চার ও চারটি ছক্কা হাঁকান। ২৮ বলে পঞ্চাশ এবং পরের ২৮ বলে দ্বিতীয় পঞ্চাশ করেন তিনি।

অজিদের দেওয়া ২৩৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৯ রান তুলতে পারে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন দাশুন সানাকা। অথচ ক'দিন আগে পাকিস্তানের মাটিয়ে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে টি-২০ সিরিজ জিতে ফিরে শ্রীলংকা। এবার অজিদের সামনে পড়তেই মিউয়ে গেল তারা। শ্রীলংকান পেসার কাশুন রাজিথা ৪ ওভারে ৭৫ রান হজম করেছেন। আন্তর্জাতিক টি-২০ তে কোন বোলারের দেওয়া এটাই সর্বোচ্চ রান।

আরও পড়ুন

×