রংপুরের লিড, ঢাকাও একই পথে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৬:১৬
আনামুল হক বিজয়ের দারুণ এক সেঞ্চুরি এবং তুষার ইমরানের ফিফটিতে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে প্রথম দিন প্রথম ইনিংস থেকে ৩৭১ রান তোলে খুলনা বিভাগ। ঢাকা বিভাগ তার পাল্টা দিতে শুরু করেছে। দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে তু্লেছে ২০৬ রান। দুই ওপেনার রনি তালুকাদার (৭১) ও জয়রাজ শেখ (৫১) ফিফটি করে আউট হন। পরে সাইফ হাসান ৪১ এবং রবিউল ইসলাম ৩৮ রান করে দিন শেষ করেন। খুলনা বিভাগের চেয়ে এখনও ১৬৫ রানে পিছিয়ে আছে ঢাকা বিভাগ।
অন্যদিনে লেগ স্পিনার রিশাদের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২০১ রানে রংপুর বিভাগের বিপক্ষে আটকে যায় রাজশাহী বিভাগ। দলের হয়ে অধিনায়ক ফরহাদ হোসাইন খেলেন ৬০ রানের ইনিংস। নাজমুল শান্ত ৩৪ রান করেন। জবাব দিতে নামা রংপুর বিভাগ মেহেদি মারুফ এবং নাসির হোসেনের ব্যাটে লিড নিয়েছে। রংপুর দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংস থেকে তুলেছে ২৬৩ রান। এরই মধ্যে তারা লিড নিয়েছে ৬২ রানের।
রংপুরের হয়ে ওপেনার মেহেদি মারুফ ২৩২ বল খেলে ৭৮ রান করেন। এছাড়া নাঈম ইসলাম খেলেন ৫৪ রানের ইনিংস। আরিফুল হক ৪৭ রান করে আউট হয়ে যান। পরে আম্পায়ারকে গালি দিয়ে নিষেধাজ্ঞা পাওয়া নাসির হোসেন ৫৫ রান করে অপরাজিত আছেন। আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহারের দরুণ জরিমানার সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ থাকার কথা নাসিরের। কিন্তু তারপরও ম্যাচ খেলছেন নাসির।
জানা গেছে, রংপুরের দলে থাকা তরুণ লেগ স্পিনার রিশাদকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। বাংলাদেশের নতুন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি তাদের ক'জনকে দেখতে চান। রিশাদের জায়াগায় তাই নিষিদ্ধ হলেও খেলার সুযোগ পেয়েছেন নাসির। প্রথম ইনিংস অবশ্য তিনি বোলিং করতে পারেননি। তবে ব্যাটিং করছেন প্রথম ইনিংস থেকেই।
ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের তৃতীয় রাউন্ডের ম্যাচ চললেও বৃষ্টির কারণে বরিশাল এবং ঢাকা মেট্রোর খেলা এবং চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- জাতীয় লিগ
- তৃতীয় রাউন্ড
- নাসির