ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে দূষণ, ক্রিকেট মাঠে চিন্তা

দিল্লিতে দূষণ, ক্রিকেট মাঠে চিন্তা
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৭:৪৬

দূষণ থেকে বাঁচতে লংকান ক্রিকেটাররা মুখে মাস্ক পরে খেলছেন। ছবিটা ক্রিকেটের খোঁজ-খবর রাখা ভক্তের কাছে অপরিচিত নয়। এবার দিল্লিতে ভারতের বিপক্ষে একই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দূষণের সঙ্গে শব্দ দূষণ যোগ করতে পারে বাড়তি মাত্রা।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে টাইগাররা। এরপর ভারতে প্রথমবার খেলতে দুই টেস্টের সিরিজ। কিন্তু বাংলাদেশের জন্য সিরিজের শুরুটা হতে যাচ্ছে দুশ্চিন্তার। কারণ সিরিজ শুরুর পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতের রাজধানীর বায়ুদূষণ। দু'বছর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টেস্ট ম্যাচে মাস্ক পরতে বাধ্য হয়েছিল লংকার ক্রিকেটাররা। কয়েকজন ক্রিকেটার অসুস্থও হয়ে পড়েছিলেন।

বাংলাদেশ সিরিজের পূর্বমুহূর্তে দূষণের বিষয়টি প্রবল অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে ভারতীয় বোর্ডের কাছে। এবারও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামনেই আবার 'দেওয়ালি' উৎসব। বায়ুদূষণের সঙ্গে শব্দদূষণও ভয়ঙ্কর রূপ নিতে পারে।

একিউআইর মান অনুযায়ী দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১ থেকে ৪০০, যা শ্বাসকষ্টের সঙ্গে শারীরিক অসুস্থতার কারণ হতে পারে বলেও জানা গেছে। ফলে বাংলাদেশ-ভারত ম্যাচ দিল্লিতে কেন আয়োজন হচ্ছে তা নিয়ে প্রশ্ন না উঠে পারে না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দিল্লি জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, বায়ুদূষণ ক্রিকেটারদের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না।

সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছেন, 'দেওয়ালির পর দিল্লির বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। আমাদেরও সেটা জানা। কিন্তু এর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তবে দেওয়ালির এক সপ্তাহ পর ম্যাচ হবে, তাই ক্রিকেটারদের তেমন অসুবিধা হবে না বলে মনে হচ্ছে।' দিল্লির আবহাওয়া দপ্তর থেকে নাকি পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের জমির আগাছা না পোড়ানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

×