ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হচ্ছেন ট্রট

প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হচ্ছেন ট্রট
×

জোনাথন ট্রট। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ২১:২৬ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ | ২১:২৮

হেড কোচ হিসেবে আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে দারুণ কাজ করেছেন জোনাথন ট্রট। সাবেক ইংলিশ ব্যাটারের অধীনে আফগানরা ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ এর টি-২০ বিশ্বকাপ মিলিয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়েছে। 

তার অধীনে আফগানরা প্রথমবার আইসিসির ইভেন্টে সেমিফাইনালে খেলেছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে রশিদ খানদের সেমিতে তোলা কোচ ট্রট এবার দক্ষিণ প্রোটিয়া লিগ এসএ-২০’র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন। 

গত মৌসুমে হেড কোচ গ্রাহাম ফোর্ডের অধীনে ভালো করতে পারেনি প্রিটোরিয়া। লিগ টেবিলে পাঁচে শেষ করে। যে কারণে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির দল প্রিটোরিয়া ফোর্ডকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। 

আফগানিস্তান জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ট্রট ওই দায়িত্ব নেবেন কিনা তা নিশ্চিত নন। আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে তার চুক্তি ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ওই চুক্তি তিনি চলতি বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত নবায়ন করেছেন।

এসএ টি-২০ লিগ হবে জানুয়ারিতে। যে কারণে আফগানিস্তানের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ করে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে যেতে পারবেন। এক মাস লিগের দায়িত্ব পালন করে ফেব্রুয়ারি থেকে পুনরায় তিনি আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়নও করতে পারবেন। গুঞ্জন আছে- ট্রটের কাছে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ দলের হেড কোচ হওয়ার প্রস্তাব আছে।   

আরও পড়ুন

×