বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ
ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৪:০৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ | ১৪:৪৮
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবি সূত্রে জানা গেছে, জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন।
সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন তিনি। পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে।
অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন।
এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।
এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে দাঁড়াননি তিনি। সাজ্জাদুল আলম জানিয়েছেন, আজ সকালে এনএসসি সচিবের ফোন তিনিও পেয়েছেন, পেয়েছেন চায়ের নিমন্ত্রণও। সচিব তাকে বলেন, সরকার চাচ্ছে তিনি বিসিবির কাউন্সিলর এবং পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে।
সমকালকে তিনি বলেন, সচিবকে আমি বলেছি, আপনারা আমাকে কাউন্সিলর বানিয়েছেন। সেই হিসেবে আমি কাউন্সিলর থেকে পরে ডিরেক্টর হয়েছি। এখন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো সিদ্ধান্ত থাকে সেটা আমাকে জানিয়ে দিন।’
সাজ্জাদুল আলম ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মাঝে সরে যেতে হলেও ২০০৭ সাল থেকে বর্তমান বোর্ডেও তিনি পরিচালক ছিলেন। পালন করছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্ব।
- বিষয় :
- বিসিবি
- জালাল ইউনুস
