ভারত সিরিজের প্রস্তুতি শুরু মুশফিকদের
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:২৫
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের রেশ এখনো কাটেনি বাংলাদেশের। এর মধ্যেই ভারত সিরিজের প্রস্তুতি শুরু করেছেন মুশফিক-লিটনরা। চলতি মাসের মাঝামাঝি দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে সিরিজের শুরুটা হবে টেস্ট ম্যাচ দিয়ে। যার ফলে টেস্ট দলের বেশিভাগ ক্রিকেটারই এদিন অনুশীলনে এসেছেন। বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর অনুশীলনে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান সফরে প্রথম টেস্টে চোটে কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান তিনি। ভারত সফরে পুরোপুরি ফিট শরিফুলকেই পাওয়া যাবে বলে জানা গেছে।
এদিন মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা গেছে মুমিনুল-জাকিরদের। ভারতের বিপক্ষে সিরিজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এই দুই ব্যাটার। লম্বা সময় ধরে তাদের বোলিং করে গেছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া ছিলেন আরেক ব্যাটার মুশফিকুর রহিম। তিনিও ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন।
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু কানপুরে, ২৭ সেপ্টেম্বর। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর। এ তিন ম্যাচের ভেন্যু গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ।
- বিষয় :
- অনুশীলন
- বাংলাদেশ-ভারত
