ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়লেন কারস্টেন

পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়লেন কারস্টেন
×

ছবি- আইসিসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১৫:৫৭

দায়িত্ব নেয়ার ৬ মাসও হয়নি, পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে গত এপ্রিলে নিয়োগ পেয়েছিলেন গ্যারি কারস্টেন। এবার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছয় মাস না যেতেই পদত্যাগ করলেন সাদা বলের ক্রিকেটে বাবর-রিজওয়ানদের এই কোচ, যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে তার চুক্তি ছিল দুই বছরের।

সাদা ও লাল বলে আলাদা আলাদা প্রধান কোচ নিয়োগ দিয়েছিল পাকিস্তান। কারস্টেন সাদা বলের দল সামলাতেন এবং লাল বলের দায়িত্ব পালন করতেন জেসন গিলেস্পি। কারস্টেন সরে দাঁড়ানোয় পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি।

পাকিস্তানের দল নির্বাচন প্যানেলে রাখা হয়েছিল কোচদেরকেও। তবে সম্প্রতি সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। এই সিদ্ধান্ত বাতিলের ফলে অসন্তোষ দেখা যায় কোচিং প্যানেলে। দূরত্ব বাড়ে পিসিবির সাথে দুই প্রধান কোচের। ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টের প্রস্তুতির ঘটনাবলী নিয়ে গিলেস্পি তার অসন্তোষ প্রকাশ করে ফেলেন। তিনি যে চুক্তিতে দায়িত্ব নিয়েছিলেন তা পূরণ হচ্ছে না বলেও জানিয়েছিলেন। তৃতীয় টেস্টের আগে এই ঘটনা নিয়ে নিজের বিস্ময় লুকিয়ে রাখতে পারেননি গিলেস্পি। তিনি বলেছেন, এখন তিনি কেবল ‘ম্যাচ-ডে বিশ্লেষক’ এর জন্য চুক্তিবদ্ধ হননি। 

কারস্টেন অবশ্য জনসম্মুখে কোনও মন্তব্য করেননি। তবে তিনি এই ঘটনায় অসন্তুষ্ট ছিলেন বলে জানা গেছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নতুন দল এবং সীমিত ওভারের নতুন অধিনায়ক ঘোষণার ক্ষেত্রে কারস্টেন তার মতামত দেওয়ার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু যখন নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হলো তখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে ছিলেন নতুন নির্বাচনি কমিটির সদস্য আকিব জাভেদ। এমন সিদ্ধান্তের সময় কারস্টেন তখন দেশেও ছিলেন না।

পাকিস্তানের কোচ হিসেবে কারস্টেনের প্রথম বড় টুর্নামেন্ট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে পাকিস্তানের কোচ হিসেবে কারস্টেনের সূচনা ভালো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে পরাজয়ের ফলে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তিনটি ম্যাচ খেলেই।

আরও পড়ুন

×