ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বিয়ের যুগপূর্তিতে সাকিবকে নিয়ে যা বললেন শিশির

বিয়ের যুগপূর্তিতে সাকিবকে নিয়ে যা বললেন শিশির
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১৭:৪৯

ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের প্রেম কাহিনী বাংলাদেশে কমবেশি সবারই জানা। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের বন্ধুত্বের শুরু, যা পরে গড়ায় প্রেমে। সাকিব যখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছিলেন, তখনই তাদের প্রথম দেখা। এরপর সেই সম্পর্ক ২০১২ সালের ১২ ডিসেম্বর, অর্থাৎ ১২.১২.১২ তারিখে বিবাহবন্ধনে রূপ নেয়।

আজ তাদের দাম্পত্য জীবনের ১২ বছর পূর্ণ হলো। এদিন উম্মে আহমেদ শিশির তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন,  ‘আমি যখন এটা লিখছি, তখন ঘড়িতে রাত ১২টা ১২ মিনিট (স্থানীয় সময়)।’

শিশির তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘১২ বছর আগে ১২-১২-১২ তারিখ আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যনে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধনে থেকে সময়গুলো দুজনে পার করেছি। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারাজীবন থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য ১২তম বার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।’

২০১৫ সালে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়।

পরিবার নিয়ে এখন বেশিরভাগ সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব। অবশ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা ভালো কাটছে না টাইগার এই অলরাউন্ডারের। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। এমনকী নিজের ক্যারিয়ারও থমকে গেছে। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন।

আরও পড়ুন

×