ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

খালেদের ৬ উইকেট, ২৫৬ রানে অলআউট নিউজিল্যান্ড ‘এ’

খালেদের ৬ উইকেট, ২৫৬ রানে অলআউট নিউজিল্যান্ড ‘এ’
×

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫ | ১৪:০৫

সিলেটে চারদিনের অনানুষ্ঠানিক টেস্টের দ্বিতীয় দিন সকালেই নিউজিল্যান্ড ‘এ’ দলের ইনিংস গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’। টাইগার পেসার খালেদ আহমেদের বিধ্বংসী বোলিংয়ে সফরকারীরা থেমেছে ২৫৬ রানে। ইনিংসের শেষ দিকের লড়াই সত্ত্বেও আর এগোতে পারেনি তারা।

প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে। দ্বিতীয় দিন শুরু করেই দ্রুত উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’। বাকি দুই উইকেট নিতে সময় নেননি খালেদ ও এনামুল। শেষ পর্যন্ত পুরো ইনিংসে খালেদ আহমেদ একাই শিকার করেন ৬ উইকেট, মাত্র ৫৯ রান খরচায়। তার বোলিং স্পেলে বোল্ড হন তিনজন, আর একজন ফেরেন এলবিডব্লিউর ফাঁদে। এ থেকেই বোঝা যায়, কিউই ব্যাটারদের বিপক্ষে কতটা প্রভাব বিস্তার করেছেন খালেদ। স্পিনার এনামুল হক বিজয়ও ছিলেন কার্যকর। ৩২ রানে তিনটি উইকেট নিয়ে তিনিও চাপ বাড়িয়েছেন সফরকারীদের ওপর।

প্রথম দিন বড় ধসের মুখে পড়েছিল নিউজিল্যান্ড ‘এ’। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। ১০১ রানে পড়েছিল ষষ্ঠ উইকেট। তবে সাত নম্বরে নামা মিচেল হে এবং আট নম্বর ব্যাটার ডিন ফক্সক্রফট গড়েছিলেন লড়াকু জুটি। শেষ পর্যন্ত ফক্সক্রফটকে বোল্ড করে সেই প্রতিরোধ ভেঙে দেন খালেদ।

মিচেল হে প্রথম দিন অপরাজিত ছিলেন ৬৮ রানে। দ্বিতীয় দিনে আর বেশি দূর যেতে পারেননি। ৮১ রানে তিনিও খালেদের বলে বোল্ড হন। টেলএন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক কিছুটা লড়াই করেন, দশ নম্বরে নেমে করেন ২৮ রান। কিন্তু তার ইনিংসও বেশিক্ষণ টেকেনি।

আরও পড়ুন

×