ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরাজের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের জয় 

সিরাজের প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের জয় 
×

ব্যাটে বল লেগে ধীরে গড়িয়ে স্টাম্পে লেগে পড়ে যায় বেল। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ২২:০৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ২২:২৫

লর্ডসে নিশ্চিত পরাজয় দেখতে থাকা টেস্ট জমিয়ে তুলেছিলেন রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। ১৯৩ রানের লক্ষ্যে নামা ভারত ৫৮ রানে চতুর্থ ও ৮২ রানে হারায় সপ্তম উইকেট। সেখান থেকে একটু একটু করে এগিয়ে জয়ের সম্ভাবনা জাগান জাদেজা। শেষটায় তার সঙ্গী ছিলেন সিরাজ। শেষ পর্যন্ত পেসার সিরাজের প্রতিরোধ ভেঙে ২২ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে।

লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংস শেষ হয় নাটকীয়তায়। জো রুটের সেঞ্চুরিতে টস জেতা ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রান তোলে। রুট ১০৪ রানের ইনিংস খেলেন। অলি পোপ ও বেন স্টোকস ৪৪ করে রান যোগ করেন। উইকেটরক্ষক জেমি স্মিথ ৫১ রান করে ফিরে যান। ইংল্যান্ডের রান বাড়িয়ে দেন ব্রাইডন কার্স। তিনি ৫৬ রানের ইনিংস খেলেন।

জবাবে প্রথম ইনিংসে ভারতও ৩৮৭ রান করে। যা টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে সমান রানের নবম রেকর্ড। ভারতের হয়ে কেএল রাহুল দুর্দান্ত লড়াই করে সেঞ্চুরি তুলে নেন। ১৭৭ বল খেলে ১০০ করেই আউট হন তিনি। করুণ নায়ার ৪০ রান যোগ করেন। ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৭১ ও ৭২ রান করেন। প্রথম ইনিংসে লিডের পথে ছিল ভারত। কিন্তু নিতিশ রেড্ডি সেট হয়ে ৩০ ও ওয়াশিংটন সুন্দর ২৩ রান করে ফেরায় তা সম্ভব হয়নি।

প্রথম ইনিংসে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ৫ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সিরাজ ও রেড্ডি। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ম্যাচে রাখেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। ওকস নেন ৩ উইকেট। আর্চার ও স্টোকস দুটি করে উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দরে ধসে যায় ইংল্যান্ড। স্বাগতিকরা ১৯২ রান করেন। এর মধ্যে রুট সর্বোচ্চ ৪০ ও স্টোকস ৩৩ রান করেন। জ্যাক ক্রলি ২২ ও হ্যারি ব্রুক ২৩ রান করে আউট হন। সুন্দর ১২.১ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। বুমরাহ ও সিরাজ নেন দুটি করে উইকেট। 

জবাব দিতে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ওপেনার জয়সোয়াল (০), তিনে নামা করুণ নায়ার (১৪) ও অধিনায়ক শুভমন গিল (৬) ক্রিজে এসেই সাজঘরে ফেরেন। নাইট ওয়াচম্যান আকাশ দ্বীপও (১) সন্ধ্যা পার করতে পারেননি। ভরসা দিয়ে টিকে ছিলেন ওপেনার রাহুল। কিন্তু শেষ দিন সকাল পার করতে পারেননি তিনিও। পান্ত (৯) আউট হতেই তার পথ ধরেন রাহুলও। তিনি দলের পক্ষে ৩৯ রান করেন। 

সেখান থেকে প্রতিরোধ শুরু হয় জাদেজার। তাকে অল্প সঙ্গ দিয়ে সাজঘরে ফেরেন নিতিশ রেড্ডি। ৫৩ বল খেলে ১৩ রান যোগ করেন এই পেস অলরাউন্ডার। এরপর জাদেজার সঙ্গে বুমরাহর প্রতিরোধ শুরু হয়। ৫ রান যোগ করলেও বুমরাহ ৫৪ বল খেলেন। আশা দেওয়া সিরাজ ৩০ বলে ৪ রান করেন র্দূভাগ্যের শিকার হন। তাদের ইনিংস জুড়ে থাকা নিঃসঙ্গ শেরপা জাদেজা ১৮১ বল খেলে ৬১ রান করেন। তিনি ৪টি চার ও একটি ছক্কা মারেন। দলকে জেতাতে আর্চার ও স্টোকস ৩টি করে উইকেট নেন। কার্স নেন ২ উইকেট। জয়সূচক উইকেট তুলে নেন স্পিনার শোয়েব বশির। 

আরও পড়ুন

×