তিন ম্যাচ নিষিদ্ধ সাগরিকা
বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ | ১৯:৩৪
ঘটনা বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৫ মিনিটে। বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকাকে ফাউল করার পর তাঁর মাথা ও চুল টেনে ধরেন নেপালের সিমরান। এরপর রেফারি দু’জনকেই লাল কার্ড দেখান।
১৩ জুলাই অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-২ গোলে। দুই ফুটবলারই দেশের পরবর্তী ম্যাচ খেলতে পারেননি। তবে শুধু এক ম্যাচ নয়, বাংলাদেশের তারকা ফুটবলার সাগরিকাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সাগরিকার মতো তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সিমরানও। দু’জনকেই ৫০০ ডলার করে জরিমানা করা হয়েছে।
লাল কার্ড দেখলে সাধারণত এক ম্যাচ নিষিদ্ধ থাকেন ফুটবলাররা। রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক সময় শাস্তির মেয়াদ বাড়ে। তবে মাঠে যা ঘটেছে, তাতে সাগরিকার এত বড় শাস্তি হওয়াতে বিস্মিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারণে সাগরিকা ভুটান এবং ১৯ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও খেলতে পারছেন না। ২১ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাঁকে।
অবশ্য চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারে বাফুফে। কিন্তু আপিল করতে গেলে কয়েকশ ডলার জরিমানা দিতে হবে বাফুফেকে। তাই ফেডারেশন সেই পথে হাঁটছে না। আর সাগরিকার জরিমানা পরিশোধ করতে হবে বাফুফেকে। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে ফেডারেশনকে আর্থিক অনুদান দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
- বিষয় :
- সাগরিকা
- বাংলাদেশ
- নারী ফুটবল
